জিম্বাবুয়ের ‘দৈত্যবধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের ক্রিকেটের সবচেয়ে আনন্দময় দিন ছিল সেটি। ইতিহাসের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর তাতেই অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে বাজিমাত। ১৯৮৩ সালে ভারতের জয় যদি বিশ্ব ক্রিকেটের অন্যতম ‘আপসেট’ হয়, তাহলে সেই বিশ্বকাপেই জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়কে ক্রিকেটের অন্যতম স্মরণীয় ঘটনা বলতেই হবে। তাঁকে আপসেট বলা ঠিক হবে না এই কারণে যে সেদিন যোগ্যতর দল হিসেবেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সে সময়ে টেস্ট পরিবারের বাইরের দলগুলোর ‘বিশ্বকাপ’ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে।জিম্বাবুয়ে দলটি কিন্তু একেবারে খারাপ ছিল না। হয়তো টেস্ট পরিবারভুক্ত না হওয়ার কারণে তাঁদের বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ছিল না, কিন্তু দলটিতে এমন কিছু খেলোয়াড় ছিলেন, যাঁরা প্রায় সবাই ছিলেন আন্তর্জাতিক মানের। জিম্বাবুইয়ান দলটিতে জন ট্রাইকস নামের এক খেলোয়াড় ছিলেন, যাঁর ১৯৬৯-৭০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলারও অভিজ্ঞতা ছিল।যত ভালো খেলোয়াড়ই হোক, জীবনের প্রথম একদিনের ম্যাচ খেলতে মাঠে নামার আগে স্নায়ুর চাপে না ভোগার কোনো কারণই থাকতে পারে না। তার ওপর খেলাটি যদি হয় বিশ্বকাপের মতো আসরের। জিম্বাবুয়ের খেলোয়াড়েরা সেদিন স্নায়ুর অস্থিরতা আরও বেশি করে ভুগছিলেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই। অস্ট্রেলীয় সেই দলটির সঙ্গে খেলতে গিয়ে তাঁদের যে জেফ টমসন ও ডেনিস লিলির মতো দুজন ‘খুনে’ বোলারের মুখোমুখি হতে হবে, তা নিয়ে তাঁরা ছিলেন আলাদাভাবে সচেতন।অস্ট্রেলিয়ার সেই দলটির অধিনায়ক ছিলেন কিম হিউজ। ব্যাটিং লাইন আপটা দেখুন—গ্রায়েম উড, কেপলার ওয়েসেলস (দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক, যিনি বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকার সময়ে অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছিলেন)। ডেভিড হুকস, ইয়াল্লপ, অ্যালান বর্ডার ও রডনি মার্শ। এই ব্যাটিং লাইন আপ যেখানে বিশ্বের যেকোনো দেশের বোলিং আক্রমণের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যেখানে জিম্বাবুয়ের বোলিং এদের সামনে কীভাবে পাত্তা পেতে পারে?তবে, জিম্বাবুয়ের একটা সুবিধা ছিল। দলের বোলিং আক্রমণ ছিল ট্রাইকস ও ভিনস হগের অফস্পিন ও আউট সুইং বোলিংয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। অস্ট্রেলিয়ার বেশির ভাগ ব্যাটসম্যানই বাঁ-হাতি হওয়ার কারণে ট্রাইকস তাঁর অফস্পিন দিয়ে ও ভিনস আউট সুইঙ্গারের সাহায্যে সুবিধাটা খুব ভালোমতোই নিয়েছিলেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর জিম্বাবুইয়ান খেলোয়াড়েরা গভীর কৃতজ্ঞতা প্রদর্শন করেছিলেন আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লাইভ রাইসের প্রতি। রাইস সে সময় দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞার কারণে নটিংহ্যাম্পশায়ারের পক্ষে কাউন্টি খেলছিলেন। রাইস ম্যাচের আগে পড়ে জিম্বাবুয়ের ড্রেসিং রুমে ছিলেন রীতিমতো উপদেষ্টার ভূমিকায়। তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ জিম্বাবুয়ের পাথেয় হিসেবেই কাজে লেগেছিল।ম্যাচের দিন সকালটা ছিল রৌদ্রকরোজ্জ্বল। টসে জিতে তাচ্ছিল্যের সঙ্গেই অস্ট্রেলিয়া জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। ব্যাপারটি অনেকটা এমন—‘দেখ কত করতে পারিস!’ জিম্বাবুয়ে টসে হেরে যেন আকাশের চাঁদ হাতে পেল। তাঁরাও মনে-প্রাণে ব্যাটিংটা আগেই করতে চাচ্ছিলেন। লক্ষ্য, সকালের রোদের সুবিধাটা কাজে লাগানো। শুরুটা ভালোই করেছিলেন দুই জিম্বাবুইয়ান ওপেনার আলী শাহ ও গ্র্যান্ট প্যাটারসন। সেদিন, লিলি আর টমসন এসেছিলেন পরিবর্তিত বোলার হিসেবে। অসিদের বোলিং শুরু করেছিলেন জিওফ লসন ও রডনি হজ। ‘ক্রিকেটের ছোট ভাই’ জিম্বাবুয়েকেও নাকি অস্ট্রেলীয় বোলাররা সেদিন মুক্তি দেননি, তাঁদের খিস্তির রোষ থেকে। ডেনিস লিলি অনেক জিম্বাবুইয়ান ব্যাটসম্যানকেই মৌখিকভাবে ‘নাজেহাল’ করেছিলেন সেদিন। লিলির পরপর দুই বলেই জিম্বাবুয়ে দুই ওপেনার আলী শাহ ও প্যাটারসনকে হারায়। অ্যান্ডি পাইক্রফট কোনোমতে আরও একটি ‘আগুনে গোলা’ না সামলালে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি ডেনিস লিলিরই হতো।যা হোক, ডানকান ফ্লেচারের অপরাজিত ৬৯ আর বাটচার্টের ৩৪ রানে জিম্বাবুয়ে নির্ধারিত ৬০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। কেভিন কারানও জিম্বাবুয়ের এই সংগ্রহে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া খুবই ধীর গতিতে ব্যাটিং শুরু করে। গ্রায়েম উড ও কেপলার ওয়েসেলস এমনভাবে ব্যাট করছিলেন যেন, তাঁদের জেতার কোনো তাড়া নেই। তবে, আসল ব্যাপার হল এই দুই ব্যাটসম্যান ভিনস হগের আউট সুইং বোলিং ভালোভাবে খেলতে পারছিলেন না। এর ওপর যোগ হয়েছিল জিম্বাবুইয়ান ফিল্ডারদের অসাধারণ ফিল্ডিং প্রচেষ্টা। প্রত্যেক জিম্বাবুইয়ান বোলারই সেদিন নিখুঁত লাইন ও লেংথ বজায় রেখে বোলিং করছিলেন। আরেকটি কৌশলে সেদিন জিম্বাবুয়ের বোলাররা সেদিন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের বিপাকে ফেলছিলেন, তা হলো ব্যাটসম্যানদের অনেক বাইরে বল করছিলেন এবং বলের গতি কমিয়ে বলের বাউন্স কমিয়ে দিয়েছিলেন।এসব কারণে রান নিতে অসুবিধা হওয়ায় এক পর্যায়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কেপলার ওয়েসেলস অনেক সংগ্রাম করে ৭৭ রান করলেও দ্রুত রান নিতে না পারার হতাশারই বলি হন তিনি রান আউট হয়ে। রডনি মার্শ ৫০ রানে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত ওভারের অভাবে তিনি দলকে নিয়ে যেতে পারেননি বিজয়ের বন্দরে। অ্যালান বোর্ডারও অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু, আস্কিং রেট পাহাড়ে চূড়ায় পৌঁছে যাওয়ায় অস্ট্রেলিয়া অল আউট না হয়েও ম্যাচটি জিততে পারেনি। ১৩ রান আগেই শেষ হয়ে যায় অসিদের সেই দূর্বিষহ সংগ্রাম।আগেই বলা হয়েছে, জিম্বাবুয়ে সেদিন অসাধারণ ফিল্ডিং করেছিল। ফিল্ডিং যে একটি দলকে কোনো ম্যাচ জিতিয়ে দিতে পারে তাঁর সবচেয়ে বড় প্রমাণ সেদিনের জিম্বাবুয়ে। সেদিন দুটো দুর্দান্ত ক্যাচের নায়ক অ্যান্ডি পাইক্রফট এর অনেক পরে বলেছিলেন, সেটা নাকি তাঁর দেখা কোনো জিম্বাবুয়ে দলের সেরা ফিল্ডিং পারফরম্যান্স।এই ম্যাচটি নিয়ে অস্ট্রেলীয় গণমাধ্যম তাঁদের স্বভাবসুলভ বিতর্ক উসকে দেয়। তাঁদের সৃষ্ট বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল অস্ট্রেলিয়া দল নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল। তবে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই নিজ দেশের গণমাধ্যমের এই দাবি উড়িয়ে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, জিম্বাবুয়ের চমত্কার পারফরম্যান্সের কাছে তাঁরা রীতিমতো নাজেহাল হয়েছিলেন সেদিন। বিশেষ করে মাঠে নেমে সেদিন তাঁরা ক্রিকেট বিশ্বের নবিস একটি দলের কাছ থেকে শিখেছিলেন কীভাবে ফিল্ডিং দিয়ে দুর্বল একটি দলও ‘দৈত্যবধ’ করতে পারে।