জিয়া ও মুসার মুম্বাই-চ্যালেঞ্জ
আইপিএলে বাংলাদেশের এখন একজন ক্রিকেটার খেলছেন—সাকিব আল হাসান।
সেদিক থেকে ক্রিকেটকে ছাড়িয়ে যেতে পারে কাবাডি! আইপিএলের আদলে প্রথমবার আয়োজিত ভারতীয় কাবাডি লিগে একসঙ্গে খেলতে পারেন বাংলাদেশের দুজন খেলোয়াড় জিয়াউর রহমান ও আবু সালেহ মোহাম্মদ মুসা। গত পরশু নিলামে তাঁদের কিনেছে মুম্বাই৷ কাবাডির মুম্বাই দলের সঙ্গে যুক্ত আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন!
অভিষেকের কথা বলতে গিয়ে জিয়া কাল আক্ষেপ করলেন, ‘কত বড় তারকা এই লিগের সঙ্গে যুক্ত হয়েছেন! আমাদের এখানেও এমন এমন লিগ করলে লাভজনক হবে। ইশ্, আমাদের এখানে যদি এমন আয়োজন হতো!’
জিয়াদের মুখে এই ‘ইশ্’ শব্দটা হয়তো থেকেই যাবে। তবে একসময়ের বিশ্বসেরা রেইডার ভারতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। ৮ দলের লিগ শুরু আগামী ২৬ জুলাই। দিল্লি, বেঙ্গালুরু, জয়পুর, কলকাতা, মুম্বাই, পাটনা, পুনে ও ভাইজাগে খেলা হবে।
আয়োজকেরা পাকিস্তান-ইরানের খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে। কাবাডিতে একসময় ভারতের পর বাংলাদেশ ছিল দ্বিতীয় শক্তি৷ কিন্তু বাংলাদেশের পক্ষে এখন তৃতীয় হওয়াও কঠিন। দাপট কমায় খেলোয়াড়ের চাহিদাও কম, সহজ হিসাব।
জিয়ার মনে অতৃপ্তি তবু যাচ্ছে না, ‘আমাদের যোগ্যতা আছে। অন্য অনেকের চেয়ে আমরা ভালো খেলোয়াড়। ভারতের এই লিগে তাই আমাদের আরও বেশি খেলোয়াড় আশা করেছিলাম।’
জিয়া চোটের কারণে মাস চারেক দলের বাইরে থেকে ফিরেছেন সম্প্রতি। এ কারণেই কিনা ভারতীয় লিগে মুসা তিন লাখ ১০ হাজার রুপিতে বিক্রি হলেও জিয়ার মূল্য দুই লাখ রুপি। জিয়ার অবশ্য আফসোস নেই, নিজেকে আবার প্রমাণ করতে চান, ‘ইনজুরিতে ছিলাম, এটা ভারতীয় আয়োজকেরা জানত। তার পরও আমাকে ওরা নিয়েছে, এটা কম নয়৷ নিজেকে প্রমাণ করতে হবে ভারতে। এটা আমার চ্যালেঞ্জ।’
মুসার কাছেও এটা বড় সুযোগ, ‘ওখানে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগাতে পারব আশা করি। তবে ভালো খেলার একটা চ্যালেঞ্জও থাকবে।’
জিয়া-মুসা সেই চ্যালেঞ্জ পেরোবেন, এই বিশ্বাস কাবাডি অঙ্গনের সবারই।