জিয়াকে হারিয়ে ফাহাদের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহাদ রহমান,জিয়াউর রহমান
ফাহাদ রহমান,জিয়াউর রহমান

বছর চারেক আগে প্রীতি ম্যাচে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়ে দিয়েছিল খুদে ফাহাদ রহমান। ছোট্ট ফাহাদের বয়স তখন মাত্র আট! সেই শিশুটি আরেকটু বড় হয়ে কাল আবার হারিয়ে দিল অভিজ্ঞ এবং অনেক পরিণত গ্র্যান্ডমাস্টার জিয়াকে!
জাতীয় দাবায় কাল জিয়াকে ৩৫ চালে হারিয়ে আরেকবার সাড়া ফেলে দিয়েছে ফাহাদ। দাবা ফেডারেশনে এই ম্যাচ নিয়ে শেষ দিকে তৈরি হয়েছিল তুমুল আগ্রহ। ফাহাদ এত দারুণ খেলছিল যে, দেশের সবচেয়ে বেশি ২৫০৬ রেটিংধারী জিয়ার পজিশন একটু নড়বড়ে হয়ে যায়। ফাহাদ বলছিল, ‘জিয়া আংকেল খারাপ চাল দেননি। তবে ৩০ চালের পরই আমি বুঝতে পারছিলাম জিততে পারব। খুবই ভালো লাগছে এমন একটা জয় পেয়ে।’
দেশের প্রতিযোগিতামূলক দাবায় এটিই ফাহাদের সেরা জয়। যদিও গ্র্যান্ডমাস্টার হারানোর অভিজ্ঞতা তার আছে, সেটি অবশ্য দিল্লিতে ব্লিৎজ দাবায়। রুশ গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিল সেবার। তবে কালকের ফাহাদকে দেখে বিস্মিত জিয়া। ফাহাদ এত ভালো খেলবে সেটি নাকি ভাবতেই পারেননি, ‘ও কিন্তু এই টুর্নামেন্টে তেমন ভালো খেলছিল না। কিন্তু আজই দেখলাম আমার বিরুদ্ধে দুর্ধর্ষ খেলছে। শেষ দশ চাল হলো নিখুঁত। আমি খারাপ খেলিনি, ভালোই করছিলাম। কিন্তু এই ফাহাদ আমাকে অবাকই করে দিয়েছে। সত্যি বলতে আমি চমকে উঠেছি।’
ফাহাদসহ টানা দুই ম্যাচ হেরে জাতীয় দাবায় শিরোপা ধরে রাখাও কঠিন হয়ে পড়ল জিয়ার জন্য। আট ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর। সেরা তিনেই নেই জিয়া। শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকে গিয়ে বেশ হতাশ জিয়া। ফাহাদের সঙ্গে ম্যাচের পর করমর্দনও করেননি। ফাহাদ অবশ্য হাত বাড়িয়ে দিয়েছিল। হাত না মেলানো প্রসঙ্গে জিয়া বলছিলেন, ‘ম্যাচের শুরুতে তো করেছি।’