জিয়ার বিস্ফোরক সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান মারতে পারেন। বাংলাদেশি এই ক্রিকেটার পারেন ক্রিকেট বলটাকে পিটিয়ে ছাতু বানাতে। কাল সেটা টের পেল ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহামশায়ারও। বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফরের প্রথম তিন ম্যাচে দলের বাইরে থাকা জিয়া কালই প্রথম সুযোগ পেলেন একাদশে। আর সুযোগ পেয়েই খেললেন বিধ্বংসী এক ইনিংস। ট্রেন্ট ব্রিজে ৫০ ওভারের ম্যাচে মাত্র ৬৯ বলে অপরাজিত ১০৪ রান করেছেন জিয়া। সেটাও দল ১৪৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকার পর। ইলিয়াস সানির সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৪ রান যোগ করে দলকে এনে দিয়েছেন ২৯২ রান। জিয়ার ৭ চার ও ৭ ছক্কার ইনিংসে উজ্জীবিত হয়ে ১১৮ রানে নটিংহামশায়ারের ৫ উইকেট তুলে নিয়েছিল ‘এ’ দলের বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচেও হেরেছে ‘এ’ দল। অনভিজ্ঞ এক দল নিয়ে মাঠে নামা নটিংহামশায়ার জিতে গেছে ৪ উইকেটে। ষষ্ঠ উইকেটে ১৭০ রান করে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন ‘লিস্ট এ’ ম্যাচে অভিষিক্ত অ্যাডাম টিলকক (৭০ বলে অপরাজিত ৯৭) ও অধিনায়ক পল ফ্র্যাঙ্কস (৫৯ বলে ৭৫)। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১২ রান তুলে ফেলেছিল ‘এ’ দল। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে জহুরুল ও ষষ্ঠ ওভারে দলীয় ১৮ রানে ফিরে যান রকিবুল। তৃতীয় উইকেটে ৮৪ রান তুলে শামসুর রহমান ও মমিনুল হক প্রাথমিক বিপর্যয় সামলান। ৫৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৫২ রান করে শামসুরের বিদায়ের পরই আরেক দফা বিপর্যয়। ১০২ থেকে ১৪৮ এই ৪৬ রানেই পড়ে ৫ উইকেট। ৭ চার ও ১ ছয়ে ৫১ বলে মমিনুল করেছেন ৪৭। এর পর পুরোটাই জিয়ার গল্প। শুরুতে ধরে খেলেছেন, বুঝে নিয়েছেন উইকেটের চরিত্র। বাউন্ডারি ছাড়াই কেটেছে প্রথম ১৮ বল। ৪৪তম ওভার পর্যন্ত শান্তই ছিলেন জিয়া। ৪৫তম ওভারেই শুরু মারকাটারি ব্যাটিংয়ের। মিডিয়াম পেসার পল ফ্র্যাঙ্কসের ওই ওভারে দুই ছক্কায় তুললেন ১৭ রান। পরের ৩ ওভারে আরও পাঁচটি ছয়। ৫০ বলে ফিফটি ছোঁয়া জিয়া শেষ ওভারে সেঞ্চুরি পুরো করলেন ৬৭ বলে। ‘লিস্ট এ’ ম্যাচে জিয়ার এটাই প্রথম সেঞ্চুরি। শেষ ৬ ওভারে ৮৪ রান তুলেছে ‘এ’ দল। জিয়াকে দারুণ সঙ্গ দিয়ে ৫৩ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন ইলিয়াস সানি। তথ্যসূত্র: ক্রিকইনফো।