জীবন পাল্টে দেওয়া সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা পছন্দ করতেন না, অনুমতিও ছিল না। এক প্রতিবেশীর সহায়তায় সেই নয় বছর বয়স থেকে তাই অনুশীলন করেছেন চুপিচুপি, পালিয়ে গিয়ে। পরশু সেই মেয়েটিই লন্ডনে লিখে ফেললেন ইতিহাস। অলিম্পিকের জুডোতে প্রথম সোনা জিতলেন ফুটবলের দেশ ব্রাজিলের মেয়ে সারা মেনেজেস। ফাইনালে বেইজিং অলিম্পিকের চ্যাম্পিয়ন রোমানিয়ার অ্যালিনা দুমিত্রুকে হারিয়ে ৪৮ কেজি ওজন শ্রেণীতে সোনার পদক গলায় ঝুলিয়েছেন সারা।এই সোনাটা তাঁর জীবন-দর্শনই পাল্টে দেবে বলে মনে করছেন ২২ বছর বয়সী তরুণী, ‘লক্ষ্য অর্ধেকটা পূরণ হয়েছে মাত্র। আমার আশা ছিল, একদিন অলিম্পিকের পদকমঞ্চে উঠব এবং এটা আমি ২২ বছর বয়সেই করে ফেললাম। কাজেই আমি খুব খুশি। আমার বিশ্বাস, এই পদক আমার জীবনটাই বদলে দেবে।’ তাঁর ধারণা, এই সাফল্যে জুডো নিয়ে ব্রাজিলে একটা উন্মাদনাই সৃষ্টি করবে, বিশেষ করে ব্রাজিলের মেয়েদের কাছে।সোনা দূরের কথা, বেইজিং অলিম্পিকের আগে অলিম্পিকের জুডোতে কোনো পদকই জিততে পারেনি ব্রাজিলের মেয়েরা। বেইজিংয়ে ৫৭ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জিতে সেই ধারায় ছেদ টানেন কেতলিন কুয়াদ্রস। জুডোতে ব্রাজিলিয়ান মেয়েদের এই সাফল্যের কারিগর কোচ রোসিস্লেইয়া ক্যাম্পোস। ২০০৪ এথেন্স অলিম্পিকের পর দায়িত্ব নিয়ে গত আট বছরে ব্রাজিলের জুডোকাদের মনোভাবটাই বদলে দিয়েছেন। লন্ডনে প্রথমবারের মতো ব্রাজিল অংশ নিচ্ছে জুডোর সাত ইভেন্টেই। এখন সাত ইভেন্টেরই সোনার দিকে চোখ পড়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলের পল্লি থেকে উঠে আসা সারার। ছোটবেলাতেই জুডোতে মজলেও সারার সত্যিকারের উত্থান ২০১০ সালে। ওই বছর প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে গলায় ঝোলান ব্রোঞ্জ। ব্রোঞ্জ জেতেন ২০১১ প্যারিস বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। লন্ডনে তো জিতে নিলেন সোনাই। এখন নিশ্চয়ই তাঁর মা-বাবার আপত্তি থাকবে না? ভবিষ্যতের কথা নয়, সারা বরং উচ্ছ্বসিত কণ্ঠে শুনিয়েছেন ছোটবেলার গল্পটাই, ‘যখন আমি শুরু করি, আমার মা-বাবার বিশ্বাস ছিল, জুডো ছেলেদের খেলা, মেয়েদের নয়। আমি তাদের সঙ্গে আলোচনা করে একটা রফা করে নিলাম যে আমি যদি আমার লেখাপড়াটাকে অবজ্ঞা না করি, তাহলে তারা আমাকে এটা চালিয়ে যেতে দেবে।’ লেখাপড়াকে আসলেই অবজ্ঞা করেননি সারা, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশিই চালিয়ে যাচ্ছেন জুডো। এএফপি।