জীবন পেয়ে কাজে লাগালেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবন পেয়ে কাজে লাগালেন কোহলি। ছবিঃ রয়টার্স
জীবন পেয়ে কাজে লাগালেন কোহলি। ছবিঃ রয়টার্স

আউট হয়ে যেতে পারতেন ১ রানেই। দুই বলের মধ্যে তিনটি রান আউট থেকে একরকম অলৌকিকভাবেই বেঁচে গেছেন বিরাট কোহলি। সুযোগটা এর চেয়ে ভালোভাবে আর কাজে লাগাতে পারতেন না! শেষ পর্যন্ত ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থেকেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতও প্রথমে ব্যাট করে পৌঁছেছে ১৯২ রানের পাহাড়ে।
ডোয়াইন ব্রাভোর নবম ওভারের তৃতীয় বলটা নো বল ছিল। পরের বলটা ফ্রি হিট, ব্রাভোর স্লো বল ব্যাটে লাগাতে পারলেন না কোহলি। কিন্তু কী মনে করে বেরিয়ে এলেন ক্রিজ ছেড়ে। উইকেটকিপার দীনেশ রামদিনের থ্রো স্টাম্পে লাগল না। ওদিকে ব্রাভো এগিয়ে এসে বলটা লুফে নিলেন। কোহলি তখনো ক্রিজ ছেড়ে অনেকটা বাইরে। হাত ছোঁয়া দূরত্ব থেকে ব্রাভোর থ্রোটা লাগালেই কোহলি আউট। কিন্তু সেটাই কীভাবে যেন স্টাম্পে লাগাতে পারলেন না। কোহলি এক বলেই দুইবার জীবন পেলেন। পরের বলেও আবার রান আউট হতে পারতেন, এবার রামদিন ফিল্ডারের থ্রো স্টাম্পেই লাগাতে পারেননি।
পরে অবশ্য কোহলি আরও দুইবার বেঁচে গেছেন। একবার ব্রাফেট কঠিন একটা ক্যাচ ধরতে গিয়ে চার বানিয়ে দিয়েছেন, শেষ ওভারে লেন্ডল সিমন্স ছেড়েছেন আরও একটা কঠিন ক্যাচ।
শুরুটা অবশ্য ভালোই করেছিল ভারত। প্রথমবারের মতো টুর্নামেন্টে ছন্দ ফিরে পেয়েছেন রোহিত শর্মা, ৩১ বলে করেছেন ৪৩। দলে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন অজিঙ্কা রাহানেও, ৩৫ বলে করেছেন ৪০। ধোনিও ৯ বলে ১৫ রান করে কোহলিকে দিয়েছেন সঙ্গ।