ম্যাচের প্রায় শুরু থেকেই স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী আচরণে বিদ্ধ হচ্ছিলেন ফ্রান্সিস কোনে। কিন্তু ম্যাচ শেষে তাঁকেই নায়কের আসনে বসিয়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাব বোহেমিয়ানের সমর্থকেরা! ফাঁকা পোস্ট, সহজ গোলের সুযোগ পেয়েও যে লোভ সামলে গোলরক্ষকের জীবন বাঁচাতে ছুটে গিয়েছিলেন এফসি স্লোভাকোর টোগোলিজ এই স্ট্রাইকার! লম্বা একটি পাস ধরতে ছয় গজ বক্স থেকে ছুটে আসতে গিয়ে এক সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে বোহেমিয়ান গোলরক্ষকের। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। শ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না। বল তখন কোনের পায়ে। গোল না করে তিনি ছুটে যান গোলরক্ষকের কাছে। তাঁর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস নিতে সাহায্য করেন। একটু পর মেডিকেল টিম এসে হাসপাতালে নিয়ে যায় গোলরক্ষককে। ওই গোলরক্ষক তো বটেই, গোলশূন্য ড্র ম্যাচ শেষে পুরো বোহেমিয়ান দলই কৃতজ্ঞতা জানিয়েছে কোনেকে। এএফপি।