জীবন-মৃত্যুর চেয়েও বড় প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতঃস্মরণীয় বিল শ্যাংক্লি, লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ, বলতেন, ফুটবল জীবন-মৃত্যুর প্রশ্নের চেয়েও বড় কিছু। ব্রাজিলে এ মুহূর্তে যা হচ্ছে, বিশেষ করে গ্যালারিতে সারা দুনিয়া থেকে জড়ো হওয়া দর্শকদের চেহারায় ও জীবনযাত্রায়, তাতে ওই প্রয়াত ফুটবল ম্যানেজারের বক্তব্যই বারবার মনে হবে বৈকি।
সোমবার ভোররাতে এ দেশে অতি জনপ্রিয় আর্জেন্টিনার খেলার সময়ে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে বসা ওদের সমর্থকদের টান টান চেহারা ও স্নায়ুচাপ টিভিতে দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক যে এই লোকগুলোর জীবনে ফুটবল ছাড়া আর কিছু নেই: ওঁরা সারাক্ষণ ফুটবল স্বপ্ন দেখেন, ফুটবলই ওঁদের একমাত্র খাদ্য। এবং এটা শুধু আর্জেন্টিনার জন্যই নয়, প্রযোজ্য সবার ক্ষেত্রে। এঁরা সবাই হাজির হয়েছেন এমন এক দেশে, ব্রাজিলে, যেখানে এই আচ্ছন্নতা আরও বেশি: ফুটবল নাকি ও দেশে আফিমের মতোই নেশাকর।
যাঁদের নিজস্ব দল নেই, যেমন আমাদের, তাঁরাও কি কম যাচ্ছি এই যজ্ঞে! এ দেশের হতদরিদ্ররা বাদে সবারই এ মুহূর্তের একমাত্র বরণীয়, স্মরণীয় ও করণীয় বুঝিবা বিশ্বকাপ। মানুষের জীবনের রুটিন পাল্টে গেছে; এবং এটা নতুন নয়। আমাদের টিভি কালচারের যুগে আশির দশকের প্রথম থেকেই তা শুরু। গৃহবধূ-গৃহস্বামী-পুত্র-কন্যা ভাগ ভাগ হয়ে যাচ্ছেন সমর্থনের সীমারেখা বরাবর। এমনকি আইনপ্রণেতারাও তো একবার পার্লামেন্টে ১৯৯০-এর ফাইনালের কুখ্যাতি পাওয়া রেফারি কোদেসালের পেছনে লেগেছিলেন।
এই আচ্ছন্নতা হয়তো সোমবার প্রত্যুষে একটা ট্র্যাজেডির রূপ নিত, যদি মহানায়ক মেসির পা থেকে একমুহূর্তের জাদু স্নায়ু ঠান্ডা না করত। প্রথম খেলতে আসা বসনিয়া-হার্জেগোভিনা দুটি গোল করে, একটি আর্জেন্টিনার পক্ষে, অন্যটি নিজেদের জন্য। খেলার ৬৫ মিনিটে করা মেসির ওই গোল খেলার জয়-পরাজয় ঠিক করে দেয়। এবারের বিশ্বকাপের এ পর্যন্ত সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর এটি একটা: ভক্তদের কাছে সম্ভবত নেইমার-অস্কার-ফন পার্সির গোলের চেয়েও বেশি পূজনীয়। ‘ডি’ গ্রুপে কোস্টারিকার কাছে সুয়ারেজহীন উরুগুয়ের হার দক্ষিণ আমেরিকার মাটিতে ওদের ভালো করার ধারায় ছেদ টানল আর ওদের সমর্থকদের গুঁড়িয়ে দিল। এতে একই গ্রুপে ইতালির কাছে ইংল্যান্ডের হারের পরেও এই দুদলেরই হয়তো পরবর্তী রাউন্ডে যাওয়া সহজতর হলো। ফ্রান্স হন্ডুরাসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও, ইকুয়েডরকে হারাল সুইজারল্যান্ড আর জাপান অবনত হয়েছে ইয়াইয়া তোরের আইভরিকোস্টের কাছে। জার্মানি-পর্তুগাল ম্যাচটি হয়ে গেলে একটা প্রাথমিক চিত্র দাঁড়িয়ে যাবে।
ফুটবলের এসব গুরুত্ববহ ঘটনার পাশাপাশি কিছু অনুল্লেখ্য ঘটনা উল্লেখ না করলেই নয়। তথ্য কর্তারা দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন ‘প্রয়োজনীয়’ অনুমতি না থাকার জন্য। দুটির একটি সনি-আট ছিল একমাত্র চ্যানেল, যারা বাংলা ধারাবিবরণী দিত। তথ্য কর্তাদের সিদ্ধােন্ত গাজী, মাছরাঙা প্রমুখ অখুশি হবে না, কিন্তু তাঁদের কাছে এই অনুরোধ, আপনাদের কেউ অন্তত সনি-আটের মানের বাংলা ধারাবিবরণী চালু করে দেখান যে এ দেশের শ্রোতা-দর্শকদের আপনারা সম্মান করেন। বিটিভি এ উদ্যোগটি নিতে পারে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন নির্দয় শাসক বিশ্বকাপের দলগুলোর পতাকা ওড়ানোর ব্যাপারে একটা একক সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু তিনি উচ্চতর পর্যায় থেকে সমর্থন পাননি। জনসমর্থনহীন পদক্ষেপ বিচক্ষণ শাসনের উপযোগী নয়, অন্তত জীবনের একটা সময়ে একই ধরনের চাকরি করে আমার এই অভিজ্ঞতা হয়েছে।