জীবনবাজি মেক্সিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে এড়িয়েছে উরুগুয়ে। কিন্তু শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে পড়েছে মেক্সিকো। দ্বিতীয় রাউন্ডের আগামীকালের আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটিতে সবাই আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। এটা স্বাভাবিকও। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবারের বিশ্বকাপেরও অন্যতম ফেবারিট ডিয়েগো ম্যারাডোনার দল।তবে আর্জেন্টিনার এই ফেবারিট তকমা, পরিসংখ্যানের ওজন কিংবা আলোকিত অতীত—এত সবে মোটেই ভীত নয় মেক্সিকো। আর্জেন্টিনাকে টপকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার প্রত্যয় তাদের। আর এ জন্য ‘মরণবাজি রেখে’ খেলতে প্রস্তুত মেক্সিকো। মেক্সিকোর অভিজ্ঞ মিডফিল্ডার জেরার্দো তোরাদো সতীর্থদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সামনে যে ম্যাচটি আসছে (আজকের আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ), সেটি আমাদের উপভোগ করতে হবে। ম্যাচটি জিততে আমরা মরণবাজি রেখে খেলব।’নিজেদের প্রতিজ্ঞার কথা বলতে গিয়ে আর্জেন্টিনাকে একটি হুমকিও দিয়ে রেখেছেন তোরাদো, ‘মেক্সিকো যেকোনো দলের জন্যই শক্ত প্রতিপক্ষ। আমরা এর মধ্যেই প্রমাণ করতে পেরেছি আমাদের হারানো কঠিন এবং প্রতিপক্ষ দলগুলো থেকে সমীহও আদায় করে নিতে পেরেছি।’গত বিশ্বকাপেরও দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকো। জার্মানি বিশ্বকাপের সেই ম্যাচে অতিরিক্ত সময়ে ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত এক গোলে হেরে গিয়েছিল মেক্সিকানরা। এবার আর এর পুনরাবৃত্তি হতে দিতে চায় না তারা। মেক্সিকো শিবিরে বিশ্বাস, লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারাতে পারে। ‘আর্জেন্টিনা ভালো দল, তবে আমরাও খেলতে জানি! আমাদের দলেও প্রতিভাবান কিছু খেলোয়াড় আছে,’ বলেছেন মেক্সিকান ডিফেন্ডার রাফায়েল মার্কেজ।আর্জেন্টিনাকে হারিয়ে মেক্সিকোর শেষ আটের টিকিট পাওয়ার পথে বড় বাধা লিওনেল মেসি। মেক্সিকো দলে তাই আর্জেন্টিনার ‘ছোট্ট জাদুকর’কে আটকানোর পরিকল্পনা। ‘মেসিকে আমি খুব ভালোভাবেই চিনি। ওর বিপক্ষে খেলা এবং ওকে থামিয়ে রাখা কঠিন। জিততে হলে আমাদের কঠিন এই কাজটাই করতে হবে। জায়গা কমিয়ে আনতে হবে এবং মেসি যাতে বল না পায় সেই ব্যবস্থা করতে হবে,’ বলেছেন মেসির বার্সেলোনা-সতীর্থ মার্কেজ।আর্জেন্টিনাকে নিয়ে যে ভাবনাটা ভাবছে মেক্সিকানরা, সেটা ভাবতেই হতো না যদি শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে না যেত। এই হেরে যাওয়া থেকেই অবশ্য শিক্ষা নেওয়ার কথা বলছেন তোরাদো, ‘উরুগুয়ের বিপক্ষে আমাদের দৃঢ়তার অভাব ছিল। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে বাদ পড়া আর এগিয়ে যাওয়ার প্রশ্ন। তাই এ ম্যাচে মনোযোগে বিচ্যুতি ঘটবে না আমাদের।’ এএফপি, ওয়েবসাইট।