জীবনের এক করুণ গল্প শুনুন

জীবনটা বড় অদ্ভুত!
লিওনেল মেসির কথাই ধরুন। ছোটবেলায় হরমোনজনিত সমস্যায় ফুটবলার হওয়া তো দূরের কথা, ঠিকমতো বেড়ে উঠবেন কি না, তা নিয়েই সংশয়! সেই মেসি এখন গ্রহের অন্যতম সেরা ফুটবলার! কীভাবে ঘুরে গেল তাঁর জীবনের বাঁক, ভাবতেই শিহরণ জাগায় মনে! নাহ, মেসি নয়; ওয়েইন হ্যারিসনের জীবনের গল্প পাড়তেই এত কথা বলা।
এই তো! ভ্রু কুঁচকে গেল? ভাবছেন ওয়েইন হ্যারিসনটা আবার কে? হ্যাঁ, খুব অচেনাই মনে হবে। যাঁরা ক্লাব ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন, এমনকি লিভারপুলের পাঁড় ভক্তদেরও নামটি বড্ড অচেনা ঠেকবে। লিভারপুলের কথা এল কেন? ওয়েইন হ্যারিসনের নামটা যে ‘অল রেড’দের সঙ্গেই জড়িত।
এই হ্যারিসন ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে যখন ওল্ডহাম থেকে লিভারপুলে আসেন, তখন ফুটবলবিশ্বে বিরাট হইচই পড়ে। রীতিমতো রেকর্ড গড়েই রেডদের শিবিরে নাম লিখিয়েছিলেন হ্যারিসন। তিনি ছিলেন ওই সময়ে ইংল্যান্ডের সবচেয়ে দামি তরুণ ফুটবলার। আড়াই লাখ পাউন্ড খরচ করে তাঁকে দলে ভিড়িয়েছিলেন তত্কালীন লিভারপুল ম্যানেজার জো ফ্যাগান।
লিভারপুল এত্ত দামে কৈশোরোত্তীর্ণ এক ফুটবলারকে কেনার পর ওই সময় পত্রিকায় শিরোনাম করা হয়েছিল, ‘আপনি এমন একজন অসাধারণ খেলোয়াড়ের খবর শুনবেন ২০ বছরে একবার!’ এরপর ফ্যাগান বলেছিলেন, ‘আর এ কারণেই তাকে কিনেছি আমরা!’
রাতারাতি গ্রেট খেলোয়াড় হওয়ার দারুণ মওকা এসেছিল হ্যারিসনের সামনে। রেডদের জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দেবেন, খ্যাতি ছড়িয়ে পড়বে বিশ্বময়, পুরস্কার হুড়মুড়িয়ে পড়বে চরণ তলে—এমন স্বপ্ন যখন ঝিলিক মারছিল মনের অন্দরে; ঠিক তখনই ঘটে গেল এক দুর্ঘটনা! নিজ বাড়ির চিলেকোঠা থেকে পড়ে হাঁটুতে মারাত্মক আঘাত পেলেন হ্যারিসন। এরপর শুরু ভয়াবহ রক্তক্ষরণ।
সেই যে অসুস্থ হলেন আর স্বাভাবিক জীবনে ফিরতেই পারলেন না। এ সময়ে অন্তত ২৩ বার যেতে হলো শল্যচিকিত্সকের ছুরির নিচে। পরে খেলার মাঠে একই জায়গায় আবারও চোট পেলে গোটা ক্যারিয়ারেই যতি পড়ে গেল। মাত্র ২২ বছর বয়সেই মৃত্যু হলো এক অমিত সম্ভাবনাময় ক্যারিয়ারের।
লিভারপুলে সে অর্থে তিনি খেলতেও পারেননি। চারটি ম্যাচ খেলেছিলেন, তাও আবার ধারে। অবসর ঘোষণার পর, ১৯৯২ সালে বাউন্ডারি পার্কে তাঁর স্মরণে লিভারপুল ও পুরোনো ঘর ওল্ডহামের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। কপাল তাঁর এতটাই খারাপ ছিল, মারাত্মক ইনজুরির কারণে ওই ম্যাচেও অংশ নিতে পারেননি।
আসলেই হ্যারিসন ধরায় এসেছিলেন পোড়া কপাল নিয়েই। নইলে এক সময়ের প্রতিভাবন ও দামি খেলোয়াড় কেন জীবনের শেষ সময়ে লরি চালিয়ে জীবিকা নির্বাহ করবেন! ১৯৬৭ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া লিভারপুলের এ সাবেক খেলোয়াড় জীবনের অন্তিম মুহূর্তে নিজ শহর স্টকপোর্টে একটি মদের কারখানার লরি চালক ছিলেন!
‘অন্তিম মুহূর্ত’ বলার কারণ রয়েছে। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন তিনি। ২৫ ডিসেম্বর হঠাত্ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এ ক্ষেত্রেও তাঁর ভাগ্য খুবই খারাপ। বড়দিনে হ্যারিসন যখন অসুস্থ হয়ে পড়েন, সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। কেননা ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ছিল এদিন। যখন হাসপাতালে নেওয়া হলো তখন আর আশা নেই। মাত্র ৪৬ বছর বয়সেই বড়দিনে নিভে গেল হ্যারিসনের প্রাণ!
ছিলেন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া তরুণ ফুটবলারদের একজন। তবে হতে পারতেন বিশ্বের সবচেয়ে দামি তারকাদের একজন। কিন্তু ভাগ্যের ফেরে হ্যারিসনকে জীবিকা নির্বাহ করতে হয়েছে লরি চালক হিসেবে। সেই ভাগ্যই তাঁকে শেষ পর্যন্ত অকালেই নিয়ে গেল জীবন নদীর ওপারে।
জীবন সত্যিই বড় অদ্ভুত!