
জাতীয় কাবাডি দলের অধিনায়ক ছিলেন টানা ১৩ বছর। ফুটবলও খেলেছেন একসময়। বাংলাদেশের প্রথম মহিলা ফুটবল দলের প্রথম গোলদাতাও তিনি (২০০৪ সাল)। তায়কোয়ান্দোও খেলেছেন। পেয়েছেন ব্ল্যাকবেল্ট উপাধি। সেই ফারহানা সুলতানা শিলা আজ অবসর নিচ্ছেন সাইক্লিস্ট হিসেবে। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ার শেষ করবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হওয়া জাতীয় সাইক্লিং দিয়ে।
এখনো বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা সাইক্লিস্ট শিলা। এ পর্যন্ত ঘরোয়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে জিতেছেন ৮০টি সোনার পদক। ২০০০ সালে নয়াদিল্লিতে এশিয়ান আন্তর্জাতিক ক্লাব কাপে জেতেন ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ। ২০১৪ এশিয়ান ট্র্যাক অ্যান্ড সাইক্লিংয়ে দিল্লিতেই জেতেন ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ।
দস্যিপনায় জুড়ি মেলা ভার ছিল শিলার। খালাতো, ফুফাতো, চাচাতো ভাইবোন মিলে পনেরো জনের বিশাল একটা দল ছিল। সেই দলের অলিখিত নেতা শিলা। দস্যিপনা করতে করতেই একদিন শিখলেন সাইকেল চালানো।
দুলাভাইয়ের কিনে দেওয়া পুরোনো চায়না ফনিক্স মডেলের সাইকেলের সিটে চড়তে পারতেন না। সিটের ওপর কনুই রেখে পা গলিয়ে দিতেন ত্রিকোণাকৃতির ফ্রেমের মধ্যে। এক হাতে হ্যান্ডেল সোজা রেখে বড় রাস্তায় উঠে পড়তেন। একবার মারাত্মক দুর্ঘটনাও ঘটেছিল। সাইকেল চালানোর ‘ভূত’ তারপরও মাথা থেকে নামেনি।
সাইক্লিংয়ের জন্য ঘরসংসার ছেড়েছেন। খেলাধুলা ছেড়ে দিতে হুমকি দিয়েছিলেন আত্মীয়স্বজনেরা। শেষ পর্যন্ত তাঁকে ‘ত্যাজ্য’ করে দিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই দুঃখ এখনো তাড়িয়ে বেড়ায় শিলাকে, ‘আমাদের রক্ষণশীল পরিবার। মামা-নানারা কখনোই চাইতেন না খেলাধুলা করি। কিন্তু আমি কোনো চাপের কাছে নত হইনি।’
কুষ্টিয়ার মজমপুরে বাড়ি শিলার। পাশেই পুলিশ লাইনস স্কুলে পড়তেন। উচ্চতা দেখে একজন কর্মকর্তা তাঁকে পুলিশে চাকরির প্রস্তাব দিয়েছিলেন। মেট্রোপলিটন পুলিশে চাকরিও হয়েছিল। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সাইক্লিং দেখে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন এক কর্মকর্তাকে। কিন্তু সেদিন খেলার অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত চাকরিটাই ছেড়ে দেন।
শিলার সাইক্লিংয়ে হাতেখড়ি ফেডারেশনের ভারতীয় এক কোচের মাধ্যমে। ওই কোচের পুরোনো বাংলা সাইকেলের ফ্রেমের সঙ্গে বংশাল থেকে চাকা এনে লাগিয়ে অনুশীলন শুরু করেন। ১৯৯৬ সালে প্রথম বাংলাদেশ গেমসে অংশ নেন শিলা। অন্য সাইক্লিস্টদের আধুনিক সাইকেল দেখে অবাক হয়েছিলেন, ‘ওই মেয়েদের সাইকেলের চিকন চাকা আর বাঁকানো হ্যান্ডেল দেখে তাকিয়ে ছিলাম।’ শিলা বলেন আর হাসেন।
শিলাকে পুরোদস্তুর সাইক্লিস্ট বানিয়েছেন বিজেএমসির কোচ আবদুল কুদ্দুস। শিলার জন্মের আগেই বাবা মারা যান। কুদ্দুস শুধু খেলাই শেখাননি, শিলার দুঃসময়ে নানাভাবে সাহায্য করেছেন। এই কোচকে তাই ‘বাবা’ ডাকেন শিলা।
২০০৮ সালে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্বামী। তিন ছেলেকে নিয়ে তখন অসহায় অবস্থায় পড়েন। বিজেএমসির চাকরিটাও হাতছাড়া হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় শিলার বেঁচে থাকার লড়াই। ভলিবল খেলোয়াড় সালমা খাতুন আশ্রয় দেন শিলাকে। মাস তিনেক সালমার বাড়িতে ছিলেন। খেলার পাশাপাশি কাবাডি ও সাইক্লিংয়ের কোচিং করিয়েছেন, কাপড়ের ব্যবসাও করেছেন। একটু একটু করে এভাবেই ঘুরে দাঁড়িয়েছেন শিলা। পরে অবশ্য বিজেএমসিতে আবার চাকরি পান। বর্তমানে কাবাডি দল গড়েছেন এলাকায়। সাইক্লিংয়ের কোচিংও করছেন। এ পর্যন্ত তাঁর হাতে গড়া বারোজন সাইক্লিস্ট সেনাবাহিনীতে, পাঁচজন কাবাডি খেলোয়াড় পুলিশে চাকরি পেয়েছেন। বিমানবাহিনীতে চাকরি করছেন আরেক সাইক্লিস্ট।
শিলা যেন ক্রীড়াঙ্গনের দুস্থ খেলোয়াড়দের নির্ভরতার প্রতীক। সম্প্রতি দুস্থ নারী খেলোয়াড়দের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন। বললেন, ‘আমার মতো অবহেলিত দুস্থ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছি। এ জন্য আশুলিয়ায় জায়গাও কিনেছি। আর কোনো মেয়েকে যেন আমার মতো লড়াই করে ক্রীড়াঙ্গনে টিকে থাকতে না হয়, এটাই আমার একমাত্র চাওয়া।’
শিলার সাইকেলের প্যাডেল আজ থামবে। কিন্তু দুস্থ নারী খেলোয়াড়দের সঙ্গে নিয়ে তাঁর জীবনের সাইকেল চলবেই।