জীবনের সঙ্গে লড়ছেন মেটসু

ব্রুনো মেটসুকে মনে পড়ে? মনে পড়ে সেই ২০০২ বিশ্বকাপ, সেই সেনেগাল বিস্ময়? গোনার বাইরে থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া সেনেগালের নেপথ্য নায়ক ছিলেন ঝাঁকড়া চুলের বাবড়ি দোলানো সেই মেটসু। ডাগ আউটে বসে দলকে একের পর এক নির্দেশনার অঙ্গুলি হেলানো ওই ফরাসি ছিলেন ১১ বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপের অন্যতম বড় তারকা। সেনেগাল দলের খেলোয়াড়দের উজ্জীবনের মন্ত্রে দীক্ষা দেওয়া সেই মেটসু এখন ক্যানসারে আক্রান্ত হয়ে লড়ছেন মৃত্যুর সঙ্গে।
চিকিত্সকেরা আমাকে তিন মাসের সময় বেঁধে দিয়েছেন’, ফ্রান্সের একটি পত্রিকাকে এভাবেই নিজের শারীরিক অবস্থা জানিয়েছেন মেটসু। তাঁর অসুস্থতার শুরু ২০১২ সালের অক্টোবরে। ভীষণ অসুস্থতা বোধ করায় তাঁকে ভর্তি করা হয়েছিল একটি হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল মেটসুর ক্যানসার পৌঁছে গেছে একেবারে শেষ সীমায়। ক্যানসার ছড়িয়েছে তাঁর যকৃতে। ফুসফুস ও পায়ুপথের সমস্যায়ও ভুগছেন তিনি।
২০০২ সালের বিশ্বকাপের সময় মেটসু সেনেগালের খেলোয়াড়দের উজ্জীবিত করতেন বিশেষ একটি বাক্যে, ‘তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামছ।’ খেলোয়াড়দের উজ্জীবিত করার এই মন্ত্র যে তাঁর নিজের জীবনে এভাবে সত্যে পরিণত হবে, সেটা কি কখনো ভেবেছিলেন মেটসু! এই মুহূর্তে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘খেলা’ই খেলছেন তিনি। এই সুন্দর ধরণীতে আরও কিছুদিন বেঁচে থাকার খেলা। এই লড়াই অনিশ্চিত। অনেক কঠিন। এই লড়াই যে অন্তত ফুটবল মাঠের ৯০ মিনিটের লড়াইয়ের চেয়ে হাজার গুণ কঠিন, সেটা জানিয়েছেন মেটসু নিজেও।
ক্যানসারের কথা যখন চিকিত্সকেরা তাঁকে জানিয়েছেন, তখন ব্যাপারটি বিশ্বাস করতে পারছিলেন না প্রচণ্ড জীবনবাদী মেটসু, ‘হ্যাঁ, চিকিত্সকদের কথা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। ব্যাপারটি আমার জন্য একটা বিরাট আঘাত হয়েই এসেছিল।’ তাঁর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল স্ত্রী ভিভিয়েন ও দুই সন্তানের জন্য, ‘ভিভিয়েন আর বাচ্চাদের ছেড়ে যেতে হবে—এই বিষয়টিই আমি মেনে নিতে পারছিলাম না।’
অসুস্থতার ব্যাপারটি জানার প্রায় সঙ্গে সঙ্গেই কেমোথেরাপি চিকিত্সা শুরু করে দিয়েছিলেন মেটসু। একে জীবনের সঙ্গে নিজের লড়াই হিসেবেই দেখেছেন তিনি, ‘এত সহজে প্রতিপক্ষকে মাঠে জায়গা করে দেওয়ার মানুষ আমি নই। চিকিত্সকেরা বলেছেন আমি আর বেশি দিন বাঁচব না। দেখি না লড়াই করে কত দিন বেঁচে থাকা যায়।’
এই মুহূর্তে ব্রুনো মেটসুর উজ্জীবনী সুধা এরিক আবিদাল। যকৃত্ ক্যানসারের সঙ্গে লড়াই করে মাঠে ফেরা এরিক আবিদালকে দেখে জীবনের সঙ্গে লড়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন মেটসু, ‘আবিদালের ক্যানসার, ওর চিকিত্সা, সুস্থ হয়ে মাঠে ফেরা—এসবের ওপর যখন কোনো কিছু দেখি, পড়ি, তা আমাকে দারুণভাবে উদ্দীপ্ত করে।’
গত ফেব্রুয়ারিতে কেমোথেরাপি চলাকালেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন মেটসু। চলে গিয়েছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যমে-মানুষে টানাটানির পর ওই যাত্রায় মনুষ্যশক্তিরই জয় হয়েছিল, ‘ওটা ভয়াবহ একটা সময়। ৯০ শতাংশ রোগী এমন পরিস্থিতিতে বাঁচে না। আমি বেঁচে আছি। লড়াইটা বোধহয় ভালোই জমবে।’
হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের গল্পের অন্য পৃষ্ঠাগুলোও পড়ে দেখার সুযোগ হচ্ছে তাঁর। এটা তাঁর কাছে নতুন এক শিক্ষাই, ‘হাসপাতালে শুয়ে আমি পারিবারিক মূল্যবোধ সম্পর্কে জেনেছি। আমার স্ত্রী-সন্তানদের অনুভব করছি। এই ব্যাপারটি অনেক আনন্দের। ফুটবল মাঠ, ফুটবল খেলাও আনন্দের। কিন্তু এই মুহূর্তে আমি যে আনন্দ অনুভব করছি, ফুটবল তার ধারে-কাছেও নেই।’