জীবনের সেরা সময় পার করছি: নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

নেইমার, নেইমার, নেইমার। এই মুহূর্তে এই ধ্বনিতেই উচ্চকিত ফুটবল বিশ্ব। একের পর এক যেন জাদু দেখিয়ে চলেছেন ব্রাজিলের বিস্ময়-বালক। সাফল্য যেন পোষ মানা বিড়ালের মতো ঘুরঘুর করছে তাঁর পায়ে। কনফেডারেশনস কাপে এতগুলো পুরস্কার জিতেছেন যে সেগুলোর ভার সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হয়েছে। গোল্ডেন বল, সিলভার বুট, তিনটি ম্যান অব দ্য ম্যাচের ট্রফি। এক আসর থেকে আর কি-ই বা চাওয়া থাকতে পারে ২১ বছর বয়সী স্ট্রাইকারের! দারুণ একটা সময় যে পার করছেন, সেটা অনুমানও করতে হচ্ছে না। কথাটা নিজের মুখেই বলেছেন নেইমার।
কনফেডারেশনস কাপে নেইমারের দু-একটি গোল ফুটবলপ্রেমীদের মনে গেঁথে গেছে বেশ ভালোভাবেই। গত পরশু তাঁর আরও একটি গোল হতবাক করে দিয়েছে ফুটবলবিশ্বকে। মেসি ফাউন্ডেশন আয়োজিত এক দাতব্য ম্যাচে ৪৫ গজ দূর থেকে নেওয়া শটে বল জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। পেরুর লিমায় অনুষ্ঠিত এই ম্যাচ শেষেই নেইমার জানিয়েছেন সাম্প্রতিক সময়ের সাফল্যগুলো নিয়ে তাঁর অনুভূতির কথা, ‘নিজেদের মাটিতে কনফেডারেশনস কাপ জিততে পেরে আমি খুবই সন্তুষ্ট। আর এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা একটা সময়ই আমি পার করছি।’

মাত্র ১৭ বছর বয়সে সান্তোসের জার্সি গায়ে পেশাদারি ফুটবল অঙ্গনে পা রেখেছিলেন নেইমার। প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে  বিশ্বের সেরা ক্লাবগুলোর নজরও কেড়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে। তাঁকে নিয়ে বাড়াবাড়িটা যে মোটেই অমূলক ছিল না, সেটার প্রমাণ প্রতিনিয়তই রেখে চলেছেন। ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমে তাই মেসি-নেইমারের যুগলবন্দি দেখার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছে ফুটবলবিশ্ব।

আগামী ২১ আগস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতেই বার্সেলোনার জার্সি গায়ে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে নেইমারের।