জুকসের জয়ে তামিমের ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখল সেন্ট লুসিয়া জুকস। পরশু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি-এল পদ্ধতিতে অ্যান্টিগা হকবিলসকে ১৭ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। এই জয়ে ৬ ম্যাচে ৪ পয়েন্ট হলো সেন্ট লুসিয়ার। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৯ রান করে সেন্ট লুসিয়া। টুর্নামেন্টে সেন্ট লুসিয়াকে দলীয় সর্বোচ্চ রান এনে দিতে তামিমের অবদান ২০ রান। আন্দ্রে ফ্লেচারের সঙ্গে উদ্বোধনী জুটির ৪৬-এ তামিম ৪ চারে ১৯ বলে করেছেন এই রান। ফ্লেচার ৫৩ বলে করেছেন ৭৬।
অ্যান্টিগা ১০.৪ ওভারে ৩ উইকেটে ৭৬ রান তোলার পর শুরু হয় দ্বিতীয় দফা বৃষ্টি। এরপর আর হতে পারেনি খেলা। আজ প্রথম পর্বে বাংলাদেশ সময় রাত ৯টায় নিজেদের শেষ ম্যাচে তামিমরা খেলবেন টিঅ্যান্ডটি রেড স্টিলের বিপক্ষে। রাত ১টায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা সাকিবের দল বারবাডোজ ট্রাইডেন্ট মুখোমুখি হবে জ্যামাইকা তালওয়াসের। তথ্যসূত্র: ক্রিকইনফো।