জুটি গড়ে না ওঠাকেই দায়ী করলেন মুশফিক
মিরপুর টেস্ট বাংলাদেশের জন্য বয়ে এনেছিল অনেক প্রাপ্তি, সাফল্য। টানা চার দিন ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয়ের আশাও বেশ ভালোমতোই জাগিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু শেষ পর্যন্ত ৭৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিক বাহিনীকে। প্রায় টেস্টজুড়ে ভালো খেলে শেষ দিনের ব্যাটিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি টাইগাররা। ম্যাচ শেষে প্রাপ্তির কথাটা উল্লেখ করলেও তীরে এসে তরী ডোবার হতাশাও ঝরে পড়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে। দ্বিতীয় ইনিংসে একটিও বড় জুটি গড়ে না ওঠাই হারের প্রধান কারণ বলে বর্ণনা করেছেন মুশফিক। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৫২৭ রানের বড় সংগ্রহের পর বাংলাদেশের সমর্থকদের অনেকেই আশঙ্কায় দুলছিলেন ফলোঅনে পড়ার। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ নেয় ২৯ রানের লিড। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৫৫৬ রানের ইনিংসের রেকর্ডটিও হয় প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৭৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের জোর সম্ভাবনাও জাগিয়েছিল স্বাগতিকেরা। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নেমে শারীরিকভাবে মানিয়ে নিতে কষ্ট হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মুশফিকুর রহিম বলেছেন, ‘আমার তেমনটা মনে হয় না। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিং করেছে। আমাদের ব্যাটসম্যানরাও কিছু কিছু সফট শট খেলেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা কোনো বড় জুটি গড়ে তুলতে পারিনি। এটাই আমার কাছে হারের মূল কারণ বলে মনে হয়। আমরা দ্বিতীয় টেস্টে এই ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব।’দীর্ঘ ১১ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ। এত দিন এই সংস্করণের ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলেও প্রায় পুরো টেস্টেই বাংলাদেশি ক্রিকেটাররা যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন, তাকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবেই দেখছেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলেও বাংলাদেশের প্রাপ্তিও বিবেচনা করছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘এর আগের টেস্টগুলোতে আমরা হয়তো কোনো একটা দিন ভালো খেলতে পারতাম, বাকি দিনগুলোতে সে রকম পারফরম্যান্স দেখাতে পারতাম না। কিন্তু এই টেস্টে আমরা প্রায় সব কটি সেশনেই ভালো খেলেছি। বিশেষভাবে অভিষেক ম্যাচে সোহাগ গাজী দারুণ খেলেছে। নাঈমও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে।’এখন মিরপুর টেস্টের এই প্রাপ্তি ও ব্যর্থতার অভিজ্ঞতাটা নিয়েই সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এখন সেদিকেই দৃষ্টি মুশফিকের। তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটটা সব সময়ই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বছরে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই না। কিন্তু আমাদের এ পরিস্থিতির সঙ্গেও খাপ খাইয়ে নিতে হবে। প্রথম ইনিংসে আমরা ব্যাট ও বল হাতে খুবই ভালো খেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় ইনিংসে এটা ধরে রাখতে পারিনি। আমরা আগামী টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’প্রথম টেস্টটা হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর জন্য খুলনায় অনুষ্ঠেয় টেস্টে জিততেই হবে স্বাগতিকদের। ২১ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।