জুটি বাঁধলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, গুঞ্জন দানা বাঁধতে পারল না। পাপারাজ্জিদের হতাশ করে নিজেরাই আগে জানিয়ে দিলেন, প্রেমের নৌকায় ভাসছেন তাঁরা। কদিন আগে রেকর্ড গড়ে ইউএস ওপেন জেতা আইরিশ গলফার ররি ম্যাকইলরয়ের প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন মেয়েদের বিভাগে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। ওজনিয়াকির বয়স ২১, ম্যাকইলরয়ের ২২। তবে প্রেমের ক্ষেত্রে পরিপক্বতার পরিচয়ই দিয়েছেন খেলার দুই ভুবনের দুই তারকা। পেছনে নিন্দুকেরা অন্য গল্প ফাঁদে, তাই লুকোচুরি না করে প্রেম করছেন প্রকাশ্যেই! গত মঙ্গলবার তো ওজনিয়াকির খেলা দেখার জন্য সশরীরে গ্যালারিতেই হাজির ম্যাকইলরয়। ম্যাকইলরয় মুখ খুলেছেন সেখানেও। তবে তার আগেই দুজন টুইট করে জানিয়ে দেন ঘটনা। অল্প বয়সেই দুজনেই পৌঁছে গেছেন নিজ নিজ ভুবনের শীর্ষ পর্যায়ে। ওজনিয়াকি অনেক দিন ধরেই এক নম্বর। ১৯২৩ সালে ববি জোনসের পর গত জুনে ম্যাকইলরয় জিতেছেন সবচেয়ে কম বয়সী গলফার হিসেবে ইউএস ওপেনের শিরোপা। আইরিশ গলফারের কণ্ঠেও সেই উচ্ছ্বাস, ‘আমাদের সম্পর্কটা ভালোভাবে চলছে, কারণ আমাদের অনেক কিছুতেই মিল আছে। অবশ্যই ভিন্ন খেলা। কিন্তু তরুণ বয়সেই আমরা একই রকম অবস্থানে পৌঁছাতে পেরেছি এবং এ নিয়ে আমরা কথা বলতে পারি, ২১-এর কম এবং ২২ বছর বয়সী প্রচুর ছেলেমেয়েই তা পারে না।’প্রেমের ময়দানের মতোই কোর্টেও সাফল্যে ভাসছেন ওজনিয়াকি। মার্কিন তরুণী ক্রিস্টিনা ম্যাকহ্যালেকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন নিউ হ্যাভেন ওপেনের সেমিফাইনালে। রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬-৪, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনজয়ী লি না-ও উঠেছেন শেষ চারে।গ্র্যান্ড স্লাম না জিতেই এক নম্বরে উঠেছেন বলে কত সমালোচনা সইতে হচ্ছে। কিন্তু এবার ইউএস ওপেনেই সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারেন ওজনিয়াকি! প্রেমিকের প্রেরণা যে সঙ্গী। এএফপি।