জুটি ভাঙলেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়াবর্ধনের রান আউটের পর আকাশে উড়ে যেতে চাইলেন রুবেল। ছবি: শামসুল হক
জয়াবর্ধনের রান আউটের পর আকাশে উড়ে যেতে চাইলেন রুবেল। ছবি: শামসুল হক

৭৫ রানেই তুলে নেওয়া গেল শ্রীলঙ্কার ৫ উইকেট। ম্যাচ তখন বাংলাদেশের মুঠোয়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের দুটো তিক্ত অভিজ্ঞতা আছে। ৬ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট ফেলে দেওয়া অবিশ্বাস্য সেই ম্যাচটিতে হেরেছিল বাংলাদেশ। কদিন আগেই ৬৭ রানে রানে শ্রীলঙ্কার ৮ উইকেট ফেলে দিয়েও ম্যাচটা জিততে পারেনি মুশফিকের দল।

আজও ষষ্ঠ উইকেটে ৮২ রানের জুটি গড়ে সেই অতীত স্মৃতি ফিরিয়ে আনছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস আর চতুরঙ্গা ডি সিলভা। ৩৯তম ওভারের শেষ বলে ডিপ ফাইন লেগে আল আমিন ডি সিলভার সহজ ক্যাচ ফেললে ভয়টা আরও চেপে বসেছিল বাংলাদেশের বুকে। কিন্তু জীবন ফিরে পাওয়া ডি সিলভাকে তিন বল পরেই ফিরিয়ে দিয়ে গলার কাঁটা হয়ে দেখা দেওয়া জুটিটা ভাঙলেন মাহমুদউল্লাহ।

৪১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৫৯/৬। ৪৬ রান চাই তাদের ৫৪ বলে। ম্যাথুস ৪৮ রানে অপরাজিত। সঙ্গে আছেন ৬৭ রানে লঙ্কানদের ৮ উইকেট ফেলে দেওয়া ম্যাচে নয়ে নেমে ৮০ রানের ইনিংস খেলা থিসারা পেরেরা।


২০৪ রানের স্বল্প পুঁজি নিয়ে যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমন শুরুই পেয়েছিল বাংলাদেশ। শুরুর সেই জোড়া আঘাতের ধাক্কায় ‘ডমিনো ইফেক্ট’ চলেছে লঙ্কান ইনিংসে। ৭৫ রান তুলতেই শ্রীলঙ্কার পাঁচ ব্যাটসম্যান ফিরে গেছে সাজঘরে। দুর্দান্ত শুরুর বড় কৃতিত্ব পেসার আল আমিনের। ইনিংসের দ্বিতীয় বলেই কুশল পেরেরাকে ফেরানোর পর নিজের দ্বিতীয় ওভারে আল আমিন ফেরালেন ফর্মের তুঙ্গে থাকা কুমার সাঙ্গাকারাকে (২)। ৬ রানে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যখন কাঁপছে, সেই সময় চতুর্থ ওভারে রানের খাতা খোলার আগেই রান আউটের শিকার মাহেলা জয়াবর্ধনেও। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাক ফুটে শ্রীলঙ্কা।


চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করছিলেন লাহিরু থিরিমান্নে ও আশান প্রিয়াঞ্জন। নিজের দ্বিতীয় ওভারেই প্রিয়াঞ্জনকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে আবার ব্রেক থ্রু এনে দেন জিয়াউর রহমান। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে থিরিমান্নের ২৮ রানের জুটিটা এরপর ভাঙেন সানি। এর পরই ম্যাথুস-ডি সিলভার সেই জুটি।

বাংলাদেশ আবারও আশা জাগিয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়বে কিনা, তা বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে ব্যাটিং নিয়ে আক্ষেপটা বাড়ছেই। বাংলাদেশের সংগ্রহটা আরও বেশি হতেই পারত। ৭৪ রানের উদ্বোধনী জুটি আর এনামুল-শামসুরের আত্মবিশ্বাসী ব্যাটিং বড় সংগ্রহেরই ভিত্তি গড়ে দিয়েছিল। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতা শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২০৪-এর বেশি তুলতে দেয়নি বাংলাদেশকে। দেখা যাক, এই পুঁজি নিয়েই হন্যে হয়ে খুঁজে ফেরা হারানো আত্মবিশ্বাস বাংলাদেশ ফিরে পায় কিনা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে নিজেদের করে নিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান আর এনামুল হক। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এনামুল আজও খুব খারাপ করেননি। বরং বারবারই ইঙ্গিত দিয়েছিলেন লাকমাল, থিসারা পেরেরা কিংবা সেনানায়েকে-মেন্ডিসদের ওপর আধিপত্য বিস্তারের। কিন্তু ৪৯ রানেই থেমে যায় তাঁর ইনিংস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিফটি পাওয়া ইমরুল কায়েসের চোটের সুযোগে দলে ঢোকা শামসুর রহমানও ব্যাট চালাচ্ছিলেন অনবদ্য। তাঁর ইনিংস শেষ হয় ৩৯ রানে। অবশ্য তাঁর এলবি’র সিদ্ধান্ত যে কিছুটা ক্ষুব্ধ হওয়ার মতো—এ কথা বলে দেওয়াই যায়।

৭৪ রানের উদ্বোধনী জুটির পর হঠাত্ই অজন্তা মেন্ডিসের ঘূর্ণিঝড়। শামসুরের পর তিনি মুমিনুল হককে সাজঘরে ফেরেন সরাসরি বোল্ড করে। মুশফিক এসেও বেশিক্ষণ থাকতে পারেননি। চতুরঙ্গা ডি সিলভার বলে এলবিডব্লুর ফাঁদে পড়তে হয় তাঁকেও। সাকিব-এনামুল ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। সাকিব ছিলেন সাবলীল। কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাঁর বিদায়ও ছিল দলকে বিপদে ফেলেই। এনামুল ফেরেন মিড উইকেটে আশান প্রিয়াঞ্জনের বলে থিরামান্নের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে।

দলের  দুই ফর্মহীন সদস্য নাসির হোসেন আর মাহমুদউল্লাহই বরং কিছুটা ভালো খেলেছেন। ষষ্ঠ উইকেট জুটিতে নিজেদের মধ্যে ৬৬ রানের জুটি গড়ে তাঁর জ্বেলেছিলেন আশার বাতি। কিন্তু দুজনই ৩০ রান করে বিদায় নিলে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোরের আশা মোটামুটি দূরের আকাশেই মিলিয়ে যায়।

জিয়াউর রহমান তাঁর স্বভাব-বিরুদ্ধ একটা ইনিংস খেলে দলের সংগ্রহটাকে কেবল দুই শ’র কোটা পেরোতেই সাহায্য করতে পেরেছেন। শ্রীলঙ্কান বোলারদের মধ্যে ২টি করে উইকেট তুলে নিয়েছেন সুরাঙ্গা লাকমাল, অজন্তা মেন্ডিস আর আশান প্রিয়াঞ্জন। চতুরঙ্গা ডি সিলভার ঝুলিতে গেছে একটি উইকেট।

ইশ্, রানটা যদি আরেকটু বেশি হতো!