এটাকে কী বলা যায়, আইলা না সিডর? নাম যা-ই হোক, প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পাকিস্তান। পরশু পাকিস্তানের বোলারদের পাড়ার বোলার বানিয়ে সপ্তম উইকেটে রস টেলর ও জ্যাকব ওরাম মাত্র ২২ বলে করেছেন ৮৫ রান। ওভারপ্রতি ২৩.১৮ রান! ওয়ানডেতে কমপক্ষে পঞ্চাশ রান হয়েছে এমন জুটিতে ওভারপ্রতি এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ডটিও নিউজিল্যান্ডের। ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নাথান অ্যাস্টল ও ক্রেইগ ম্যাকমিলান যুক্তরাষ্ট্রের বিপক্ষে পঞ্চম উইকেটে মাত্র ৪৬ বলে অপরাজিত ১৩৬ রান করেন ওভারপ্রতি ১৭.৭৩ গড়ে। টেলরের হাতে বেদম পিটুনি খাওয়া রাজ্জাকের নাম আছে তৃতীয় স্থানে, ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই মোহাম্মদ ইউসুফের সঙ্গে ওভারপ্রতি ১৭.৬৬ গড়ে ১৮ বলে করেন ৫৩ রান। এরপর আবারও রস টেলর ও নিউজিল্যান্ড, ২০০৮ সালে জেমস মার্শালের সঙ্গে ১৬.৬৮ গড়ে মাত্র ৪১ বলে ১১৪ রান করেন আয়ারল্যান্ডের বিপক্ষে।