প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে টেস্টে জুটিতে সবচেয়ে বেশি রান ছিল তাদেরই। কাল গলে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা সেই রেকর্ডে যোগ করলেন নতুন মাত্রা। তৃতীয় উইকেটে অপরাজিত ১১৩ রান করার পথে ছাড়িয়েছেন হাজার রানের মাইলফলক। পাকিস্তানের বিপক্ষে কোনো জুটির এটিই প্রথম হাজার রান। গতকাল পর্যন্ত ২০ ইনিংসে জয়াবর্ধনে-সাঙ্গাকারার রান ১০৯৩। কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা জুটিতে আছে জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফের নাম। ইংল্যান্ডের এই দুই কিংবদন্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ২৪৫২ রান। এ ছাড়া দুই হাজারের বেশি রান করেছেন শুধু গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৫২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী জুটি। হাজার রানের জুটি আছে আরও ৩৬টি।