জুটির রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে খেলতে নামা যেকোনো প্রতিপক্ষেরই প্রধান দুশ্চিন্তার বিষয় তাদের ব্যাটিং লাইনআপ। শচীন টেন্ডুলকারের কথা তো আলাদা করে বলার কিছু নেই। অন্য সবকিছুর মতো বিশ্বকাপেও সর্বোচ্চ রানের আসনের মালিকানাটা লিটল মাস্টারের দখলে। সঙ্গে রাহুল দ্রাবিড় আর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গড়া ভারতের ব্যাটিং লাইনআপটাকে সমীহ করত না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বিশ্বসেরা এ তিন ব্যাটসম্যান নিজেদের দিনে যেকোনো বোলারের জন্যই পরিণত হতেন মূর্তিমান বিভীষিকায়। বিশ্বকাপের আসরেও এই ব্যাটিং-ত্রয়ী গড়ে গেছেন কিছু অনন্য কীর্তি। বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের প্রথম তিনটি জুটির তালিকাতেই পাওয়া যাবে ভারতের এ তিন ব্যাটসম্যানের নাম। একনজরে দেখে মনে হতে পারে, যেন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেই তাঁরা করেছেন এ কাজটা।১৯৯৯ বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটা ছিল মার্ক ওয়াহ আর স্টিভ ওয়াহর দখলে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে ওয়াহ ভাতৃদ্বয় গড়েছিলেন ২০৭ রানের জুটি। ’৯৯-এর বিশ্বকাপেই সেই রেকর্ডটা নিজেদের দখলে নিয়ে আসেন শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়। এবারও প্রতিপক্ষ সেই কেনিয়াই।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেনিয়ান অধিনায়ক আসিফ করিম। সিদ্ধান্তটা ইনিংসের ২১ ওভার পর্যন্ত অতটা আত্মঘাতী হিসেবে দেখা দেয়নি। কারণ, এ সময়ের মধ্যেই দুই ভারতীয় ওপেনার সদাগোপান রমেশ ও সৌরভ গাঙ্গুলি ফিরে গিয়েছিলেন প্যাভেলিয়নে। কিন্তু, এরপরই তৃতীয় উইকেটে একেবারে তাঁবু গেড়ে বসে পড়লেন রাহুল দ্রাবিড় আর শচীন টেন্ডুলকার। গড়লেন বিশ্বকাপে ২৩৭ রানের সর্বোচ্চ পার্টনারশিপের নতুন রেকর্ড। মাঠ ছাড়লেন অপরাজিত থেকে। দ্রাবিড় খেলেছিলেন ১০৯ বলে ১০৪ রানের ধীরস্থির এক ইনিংস। আর ১০১ বলে ১৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছেড়েছিলেন টেন্ডুলকার।শচীন আর দ্রাবিড়ের এই রেকর্ডটা স্থায়ী হয়েছিল মাত্র তিন দিন। সেই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পরবর্তী ম্যাচটাতেই আবার গড়া হলো নতুন রেকর্ড। এবার রাহুল দ্রাবিড়ের সঙ্গী হলেন সৌরভ গাঙ্গুলি। এই ম্যাচেও ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। প্রথম ওভারেই সদাগোপান রমেশকে সাজঘরে ফিরিয়ে শুরুটাও ভালোভাবেই করেছিলেন চামিন্ডা ভাস। কিন্তু রানাতুঙ্গার এ সিদ্ধান্তটাকেও আত্মঘাতী প্রমাণ করে ছাড়লেন দ্রাবিড় আর গাঙ্গুলি। সারাটা দিন লঙ্কান বোলারদের হতাশায় পুড়িয়ে দ্বিতীয় উইকেটে তাঁরা গড়লেন সর্বোচ্চ পার্টনারশিপের নতুন রেকর্ড। এবার রানের অঙ্কটাকে তাঁরা নিয়ে গেলেন আরও অলংঘনীয় উচ্চতায়; ৩১৮ রান। ৪৬তম ওভারে রান আউটের শিকার না হলে হয়তো আরও কিছু রান যোগ করতে পারতেন রাহুল দ্রাবিড়। ততক্ষণে তাঁর ব্যক্তিগত সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৫ রান। সেটাই ছিল তাঁর তত্কালীন ক্যারিয়ার-সেরা ইনিংস। আর ‘দাদা’ থেমেছিলেন আরও পরে। ইনিংসের শেষ বলের আগের বলটাতে আউট হওয়ার আগে তিনিও খেলে ফেলেছেন ১৮৩ রানের অসাধারণ এক ইনিংস। ক্যারিয়ার-সেরা এই ইনিংসটি তিনি খেলেছিলেন মাত্র ১৫৮ বলে।২০০৩ সালের পরের বিশ্বকাপে আবারও উল্টে গেল রেকর্ড বুকের পাতা। ৩১৮ আর ২৩৭* রানের মধ্যেখানে যোগ হলো ২৪৪ রান। এবারের জুটিটা ছিল দ্বিতীয় উইকেটে গাঙ্গুলি আর টেন্ডুলকারের। বিপক্ষ নামিবিয়া। মজার ব্যাপার হলো, এই ম্যাচেও টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর ভুল করেছিলেন নামিবিয়ার অধিনায়ক ডিয়ন কোটজে। অষ্টম ওভারে ওপেনার বীরেন্দর শেবাগ সাজঘরে ফেরার পর টেন্ডুলকারের সঙ্গে যোগ দেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যথারীতি নাভিশ্বাস তুলে দেন নামিবিয়ান বোলারদের। পুরো দিন উইকেটে রাজত্ব করার পর ৪৮তম ওভারে এসে ক্ষান্ত দেন শচীন। ততক্ষণে লিটল মাস্টারের নামের পাশে যোগ হয়েছে ১৫২ রান। আর গাঙ্গুলি শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ১১২ রানে। জুটি রান উইকেট প্রতিপক্ষ তারিখগাঙ্গুলি-দ্রাবিড় ৩১৮ ২য় শ্রীলঙ্কা ২৬ মে ১৯৯৯টেন্ডুলকার-গাঙ্গুলি ২৪৪ ২য় নামিবিয়া ২৩ ফেব্রুয়ারী, ২০০৩দ্রাবিড়-টেন্ডুলকার ২৩৭* ৩য় কেনিয়া ২৩ মে, ১৯৯৯