বাবা মোহাম্মদ বাবলু চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জুডো কোচ। মা মাহবুবা বেগমও একসময় কারাতে খেলতেন। উম্মে সালমা ববিও হেঁটেছেন বাবা-মায়ের দেখানো পথেই। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল শেষ হওয়া জাতীয় জুডো প্রতিযোগিতায় ৪৪ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর এই জুডোকা।
বাবলুর তিন মেয়ের সবাই ‘মারামারি’র খেলা জুডো-কারাতে খেলছেন। বড় মেয়ে মরিয়ম খাতুন বিপাশা ঢাকায় ২০১০ সালে এসএ গেমসের কারাতেতে সোনা জিতেছিলেন। এখনো নিয়মিত কারাতে খেলছেন। মেজো মেয়ে মাউন জেরা বর্ণাও কারাতে খেলছেন। এই কারাতে খেলেই সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন বর্ণা ও ববি। কাল মিরপুর ইনডোরে দাঁড়িয়ে গর্বিত বাবা বাবলু বলছিলেন, ‘আমার মেয়েদের দেখে এখন এলাকার অনেকেই তাঁদের মেয়েদেরও খেলায় পাঠিয়ে দেন। আমার হাতে গড়া ছেলেমেয়েরা এখন আনসার ও সেনাবাহিনীতে চাকরি করছে।’ এবারের জাতীয় জুডোতেও সেনাবাহিনীর হয়ে খেলছেন বাবলুর ৪ জুডোকা। আনসারের হয়ে খেলছেন ১ জন ছেলে ও ২ জন মেয়ে। এঁরা সবাই বাবলুর কোচিংয়ে জাতীয় পর্যায়ে নিয়মিত খেলছেন।
বিয়ের পর বাঙালি মেয়েদের খেলাধুলা পর্বের ইতি ঘটে যাওয়াটাই যেন রীতি। এদিক দিয়ে ব্যতিক্রম এই পরিবার। বিপাশার বিয়ের সময় পাত্রপক্ষকে শর্ত দেওয়া হয়েছিল, মেয়েকে খেলতে দিতে হবে। শর্ত মেনেই বিয়ের পর খেলে চলেছেন বিপাশা। ছোট দুই মেয়েও যাতে বিয়ের পর খেলতে পারেন, সেটাই চান বাবলু।
ক্রীড়া পরিবারের এমন আনন্দের দিনে জাতীয় জুডোর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। এই সংস্থাটি জিতেছে ৬টি সোনা, ১টি রুপা, ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। মহিলা বিভাগে সেরা বিকেএসপি জিতেছে ২টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। সেরা খেলোয়াড় নাজিব হিশাম সানি ও নিলুফা ইয়াসমিন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এস কে আবু বাকের (অব.)।