জুডোতেই শুধু নির্বাচন নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে নির্বাচন নিয়ে হাজার সমালোচনা আছে ঠিকই, তবে নির্বাচনের কোনো বিকল্পও নেই। আর অন্য সব ফেডারেশনের নির্বাচন হলেও ব্যতিক্রম জুডো ফেডারেশন। এই ফেডারেশনের নির্বাচন বাক্সবন্দী সেই ২০০১ সাল থেকে।এর আগ পর্যন্ত একসঙ্গে থাকা জুডো ও কারাতে আলাদা হয়ে যায় ওই বছর। সেই থেকে কারাতের নির্বাচন হয়েছে দুটি, তৃতীয় নির্বাচনটা কাছাকাছি। অথচ জুডোতে কোনো নির্বাচন নেই! অতীতেও কখনো হয়নি। সামনে হওয়ার লক্ষণও দৃশ্যমান নয়। ক্ষমতায় থাকতে কিছু লোক নির্বাচনের বিরোধিতা করে এসেছে—এমন দাবি জুডো অঙ্গনের অনেকের। পাল্টা বক্তব্যও আছে, নির্বাচন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসিরই এ ব্যাপারে এগিয়ে আসা উচিত মনে করেন কেউ কেউ। এনএসসি বলছে, কোন্দলে জর্জরিত জুডো। সেখানে মামলা ছিল অতীতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ৩০-৩১ জনের একটা কাউন্সিলর (ভোটার) তালিকা জমা দেন, অথচ কমিটিতে নির্বাচিতই হবে ২৫ জন! এটা কীভাবে সম্ভব? এসব নিয়েই দ্বন্দ্বে নির্বাচনের ব্যাপারে এগিয়ে যাওয়া যায়নি বলে এনএসসির এক কর্মকর্তা মন্তব্য করেন।তবে জুডোর নির্বাচন করতে কয়েক মাস আগে প্রজ্ঞাপন জারি করেছিল এনএসসি। বিষয়টি তখন ফেডারেশনের কমিটির ওপর ছেড়ে দেন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু বাকের। সে সময় কমিটির সভার নির্বাচন না করার পক্ষেই নাকি বেশি মত আসে। ফলে নির্বাচনটা হয়নি। পরে আর উদ্যোগ নেওয়া হয়নি।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফেডারেশনের সভাপতি বললেন, ‘আমি সব সময়ই নির্বাচন চাই। কিন্তু ঢাকায় জুডো ফর পিস সেমিনার ও আন্তর্জাতিক টুর্নামেন্ট করার স্বার্থে ডিসেম্বরের পর নির্বাচন করতে বলেছিলাম এনএসসিকে। এখন এনএসসি নির্বাচন করুক। আমার কোনো সমস্যা নেই।’সমস্যাটা তাহলে কোথায়? একটা ফেডারেশন কি অনির্দিষ্টকাল নির্বাচন না করে চলতে পারে? এই প্রশ্নগুলো উঠছে।মজার ব্যাপার, ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর (অব.) নুরুন্নবী থেকেও নেই! নির্বাচন না হওয়ায় ক্ষুব্ধ তিনি, ‘এনএসসির নির্দেশ অনুযায়ী নির্বাচনের উদ্যোগ নেওয়ায় আমি নিজেই কোণঠাসা হয়ে গেছি। একটা সময় ক্ষোভ-হতাশায় অব্যাহতি চাই সভাপতির কাছে। উনি আমাকে ছাড়তে চাননি। ঘটনাচক্রে এখন আমাকে বাদ দিয়েই ফেডারেশনের কাজকর্ম চলছে। আমি অবিলম্বে নির্বাচন চাই। মাননীয় মন্ত্রী একটু উদ্যোগ নিলেই নির্বাচনটা হয়ে যায়।’ দ্রুত নির্বাুচন চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জুডোকা নয়না চৌধুরী, ‘সব ফেডারেশনে নির্বাচন করতে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, কিন্তু জুডোতে নির্বাচন করার প্রজ্ঞাপন জারির পরও কেন প্রক্রিয়াটা বন্ধ? এ অবস্থায় দ্রুত ফেডারেশন সভাপতির হস্তক্ষেপ আশা করছি।’ জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আরেক সাবেক জুডোকা বর্তমান কমিটির সদস্য কামরুন্নাহার হিরুর কথা, ‘নির্বাচন আমিও চাই। এনএসসি নির্বাচন আয়োজন করুক।’এনএসসি তাহলে আর দেরি করছে কেন?