জুডোর নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুডো ফেডারেশনের নির্বাচনের জন্য গত ৪ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে সরকার। সেই অনুসারে আগামী ৩ অক্টোবর হওয়ার কথা ছিল জুডোর নির্বাচন। কিন্তু হঠাৎ করে কাল নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের আগে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দুই রকমের গঠনতন্ত্র জমা দেওয়া হয়েছে। তা ছাড়া ফেডারেশনের কাউন্সিলরশিপ নিয়েও আছে জটিলতা। এসব কারণেই আপাতত নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানালেন এনএসসির পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম, ‘জুডো ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে জটিলতা আছে। সভাপতি ও সাধারণ সম্পাদক দুই ধরনের গঠনতন্ত্র জমা দিয়েছেন। এগুলোর মধ্যে কোনটা সঠিক, তা যাচাই-বাছাই করতে হবে। নির্বাচন নিয়ে আমরা কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না। এ জন্যই আপাতত নির্বাচন স্থগিত করা হয়েছে।’ জুডোতে চারজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৬ জন সদস্য পদে নির্বাচন হবে। গত এসএ গেমসের ব্যর্থতার পরপরই জুডোর নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে সরকার।