জুতা নিয়ে ঝামেলায় ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনে রেকর্ড গড়ার অপেক্ষায়। এবার জিতলে সুইস তারকা হবেন ওপেন যুগে আটটি উইম্বলডনজয়ী প্রথম খেলোয়াড়। ছাড়িয়ে যাবেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে। সবকিছু ঠিকঠাকই চলছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু বিপত্তি বেধেছে ফেদেরারের জুতা নিয়ে!উইম্বলডনের নিয়মানুযায়ী, সাদা পোশাক পরে খেলতে হয় খেলোয়াড়দের। এভাবেই এই প্রতিযোগিতাটি ধরে রেখেছে শতাব্দী-প্রাচীন ঐতিহ্য। শার্ট-প্যান্ট থেকে শুরু করে জুতা, মোজা সবকিছুই হতে হয় সাদা। নিয়মানুযায়ী প্রথম রাউন্ডের খেলায় নিজেকে সাদা রঙে রাঙিয়েই মাঠে নেমেছিলেন ফেদেরার। সমস্যা হলো, সাদা জুতার ‘সোল’ (সুকতলা) ছিল কমলা রঙের। সেটা চোখ এড়ায়নি উইম্বলডন কর্তৃপক্ষের।ডেইলি মেইল জানিয়েছে, নাইকির সরবরাহ করা ওই জুতা পরে ফেদেরারকে ভবিষ্যতে কোর্টে নামতে নিষেধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে হয়তো জুতা পরিবর্তন করেই দ্বিতীয় রাউন্ডে নামবেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। তবে সৃষ্ট বিতর্কে ফাঁকতালে লাভ হলো নাইকির। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ওই জুতার বিশ্বব্যাপী একটা বিজ্ঞাপনও তো হয়ে গেল একেবারে মুফতে! যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের জুতা নিয়েও নাকি আপত্তি তুলেছে উইম্বলডন কর্তৃপক্ষ। তাঁর জুতার সুকতলা ঠিক থাকলেও কয়েকটা জায়গায় কমলা রঙের রেখা রয়েছে, যা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। সেরেনার পরনের শর্টটার রংও ছিল কমলা।