১৯৫০ সালে জুতা পরে খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ খেলা হয়নি ভারতের। এই যুগে এসে সেটা রূপকথার গল্প মনে হতে পারে। তবে ইরানে যা হচ্ছে সেটাই বা কম কী? বুট, মোজার মতো ‘তুচ্ছ’ ব্যাপারেই কিনা ইরানের ফুটবলারদের ক্ষোভ তুঙ্গে!
ফুটবলারদের অভিযোগ, বিশ্বকাপে তাঁদের যে জুতা দেওয়া হচ্ছে, সেটা সবার পায়ে মাপমতো হয়নি। বিশ্বকাপ বাছাই থেকেই এ নিয়ে অনুযোগ করে আসছেন তাঁরা। ‘যার জুতার মাপ ৪৪, তাকে ৩৪ মাপের জুতা দিলে তো সে পাঁচ মিটারও হাঁটতে পারবে না’—ইরান কোচ কার্লোস কুইরোজের রসিকতার আড়ালে লুকিয়ে আছে নির্মম সত্য। পর্যাপ্ত ট্র্যাকসুট দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কুইরোজ।
জুতার সঙ্গে আছে মোজা সমস্যাও। স্ট্রাইকার কারিম আনসারিফার্দের দাবি, ‘তারা বিশাল মাপের মোজা দিয়েছে আমাদের। ধোয়ার পর সেটা কুঁচকে ছোট হয়ে যাচ্ছে।’ আরেক খেলোয়াড় রেজা খালাতবারি বলছেন, তাঁরা এসব নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। তবে ইরানের ফুটবল ফেডারেশন নিম্নমানের ক্রীড়াসামগ্রী সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। এএফপি।