জুতাকাহিনি
বলুন তো, বাংলাদেশ দলে সবচেয়ে বড় জুতা পরেন কে? ক. মাশরাফি বিন মুর্তজা খ. মুস্তাফিজুর রহমান গ. তাসকিন আহমেদ। সঠিক উত্তর—খ।
গত দেড় বছরে বোলিংয়ে কত কীর্তিই গড়েছেন মুস্তাফিজ। কিন্তু জুতার মাপেও যে বাঁহাতি পেসার অন্যদের ছাড়িয়ে, জানা ছিল আপনার? কাল বিসিবি একাডেমি মাঠে জানালেন তাঁর জুতাকাহিনি, ‘আমার জুতার সাইজ ১২। বাংলাদেশ দলে জুতার সাইজ সবচেয়ে বড় আমারটাই। মাশরাফি ভাইয়ের ১১। ক্রিকেটের যে বুটগুলো আমরা পরি, অর্ডার দিয়ে আনতে হয়। স্পনসরকে ফোন দিলে আমারটা পাঠিয়ে দেয়।’
জাতীয় দলের সতীর্থদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকলেও জুতার মাপে মোহাম্মদ ইরফানের চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে আছেন ‘দ্য ফিজ’! ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পাকিস্তানি পেসারের সঙ্গে তাঁর পার্থক্য কতটা নিজেই খোলাসা করলেন, ‘ইরফানের জুতা পায়ে দিয়ে দেখেছি, ১৫ সাইজ। এক হাতের মতো লম্বা! পা ঢুকিয়ে দেখলাম অনেক বড় হয়। ভেবেছিলাম আমার জুতার সাইজই হয়তো সবচেয়ে বড়। ওরটা দেখে বুঝলাম আমারটাই ছোট!’
ভাবছেন, জুতার মাপ নিয়ে এত লেখারই বা কী আছে? খেলোয়াড়দের পায়ের চোট এড়াতে জুতার মাপ যথার্থ হওয়াটা যে ভীষণ জরুরি।