অবনমনের শঙ্কায় রীতিমতো কাঁপছে রহমতগঞ্জ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিবেশী দল ফরাশগঞ্জের কাছে উড়ে গেল তারা ৪-০ গোলে। চলতি লিগে এটি তাদের টানা পঞ্চম হার। ফরাশগঞ্জের জয়ের নায়ক জুনাপিউ। হ্যাটট্রিক করেছেন গিনির এই স্ট্রাইকার। এই লিগে এটি দশম হ্যাটট্রিক। বিদেশিদের পক্ষে নবম। ৫২ মিনিটে একটি গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার। আর ১৩, ৫৭ ও ৬৫ মিনিটে গোল তিনটি করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন জুনাপিউ, যা তাঁকে গোলদাতার তালিকায় নিয়ে গেছে দ্বিতীয় স্থানে। ১৪ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন চোটের কারণে মাঠের বাইরে বসে থাকা আবাহনীর স্ট্রাইকার লাকি পল। ১৫ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট মাত্র ৯ আর আরামবাগের ১০। এক ম্যাচ কম খেলে ফেনী সকারের পয়েন্ট ১৩ আর ব্রাদার্সের ১৫। দুটি দল অবনমিত হবে। সবার নিচে থেকে রহমতগঞ্জ পতনের ধ্বনি শুনছে। কোচ মাহমুুদুল হক হতাশ, ‘বিদেশিরা অনুশীলনে আসে না। এ অবস্থায় অবনমন বাঁচানো অনেক কঠিন।’এই জয়ের মাধ্যমে অবনমন অঞ্চল থেকে নিজেদের অনেকটা বের করে নিয়েছে ফরাশগঞ্জ। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। পয়েন্ট তালিকায় ‘লালকুঠির দলটি’ উঠল সপ্তম স্থানে।