জুনায়েদ তার ‘ফ্যাশন’টা ধরে রাখুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের কথা। ওই বছর প্রথমবারের মতো আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ হয়েছিল। আমি ছিলাম মোহামেডানের অধিনায়ক। দল একের পর এক ম্যাচ জিতছে আর আমার অস্থিরতা বাড়ছে। কারণ, আমি ব্যাটিং করার সুযোগই পাচ্ছি না। প্রায় প্রতি ম্যাচে ব্যাট-প্যাড পরে বসে থাকি আর চেয়ারে বসে মহাজন ‘স্টাইলে’ পা দোলাই। সেবার ব্যাটিং করেছিলাম পাঁচ নম্বরে। তার পরও মনে হয় দুটো ম্যাচে নামতে পেরেছিলাম।সুযোগ পাব কী করে, জুনায়েদ আর তান্না (ইমতিয়াজ হোসেন) মিলে প্রায় প্রতি ম্যাচেই ২০ ওভার ব্যাটিং করে আসত। সেবার আমাদের শিরোপা জয়ে এই দুজন অনেক অবদান রেখেছিল। ব্যাটসম্যান জুনায়েদের সঙ্গে আমার প্রথম পরিচয় এভাবেই।ব্যক্তি জুনায়েদকে অবশ্য আমি আগে থেকেই চিনতাম। ওর বাবা আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। পেসার ছিলেন। জুনায়েদ বোলিং বেছে নেয়নি, নিয়েছে ব্যাটিং।সেবার জুনায়েদ এতটাই ভালো খেলেছিল, মনে আছে ২০০৭ বিশ্বকাপে ওকে দলে নেওয়া হবে কি না, এই আলোচনাও হচ্ছিল। হয়তো সুযোগও পেয়ে যেত, যদি ঘরোয়া ক্রিকেটে আরও বেশি দিন খেলার অভিজ্ঞতা থাকত। অবশ্য আরেকটি ‘বিশ্বকাপে’ই অভিষেক তার, টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবার মনে আছে নিশ্চয়ই, সেদিন প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৪৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছিল জুনায়েদ।ব্যাটসম্যান জুনায়েদ নিজের ছাপ রাখতে আসলেই সময় নেয়নি। শুরুতেই ওর ব্যাটিং সবার নজর কেড়েছিল। সোজা ব্যাটে খেলতে পারে, পাওয়ার আছে, আছে আক্রমণাত্মক মেজাজ। ব্যাক ফুট-ফ্রন্ট ফুট দুই জায়গাতেই ভালো।তবে ওই টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং নয়, জুনায়েদের যে ইনিংসটা আমার এখনো চোখে লেগে আছে, সেটি ডানেডিন টেস্টে। ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে সেটি ছিল আমাদের প্রথম টেস্ট। ওই টেস্টে তামিম আর জুনায়েদের অভিষেক হয়েছিল। দ্বিতীয় ইনিংসে এই দুজন ব্যাটিং করছিল দুর্দান্ত। ২২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলাম আমরা।ওপেনিংয়ে ওরা দুজন ১৬১ রান করেছিল। জুনায়েদ খেলেছিল ৭৪ রানের দুর্দান্ত একটা ইনিংস। অভিষেকে সেঞ্চুরিটা পায়নি, সেটা নেহাত ওর দুর্ভাগ্য।ওপেনার হিসেবে শুরু করলেও এখন জুনায়েদ তিন নম্বর ব্যাটসম্যান। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানটি ব্যাট করে তিনে। অস্ট্রেলিয়ার যেমন রিকি পন্টিং। তিন নম্বর ব্যাটসম্যানদের বৈশিষ্ট্য, ওরা মারতেও পারে, ধরেও খেলতে পারে। জুনায়েদের এই গুণটা আছে। ওর ব্যাটিংয়ের সেই গভীরতা দেখেছি।একসময় আমাদের বাঁহাতি ব্যাটসম্যানের জন্য হাপিত্যেশ করে মরতে হতো। এখন এই দলে অনেক বাঁহাতি। জুনায়েদ তাদের একজন। পাশাপাশি কাজ চালানোর মতো উইকেটকিপিংও করতে পারে। আমাদের এই দলে মুশফিকুরের বিকল্প না রাখায় জুনায়েদকে ব্যবহার করা যায়। পত্রিকায় দেখলাম, জুনায়েদকে কোচ নাকি অনুশীলনে বোলিং করাচ্ছেন। আমার কাছে ওকে একদমই বোলার মনে হয়নি কখনো। ওকে বরং উইকেটকিপিং নিয়ে আরও বেশি কাজ করালে ভালো হতো। বিশ্বকাপে মুশফিকুরের বিকল্প হিসেবে কাজ চালাতে পারত।ক্লোজ-ইন ফিল্ডার হিসেবে জুনায়েদ ভালো। স্লিপে দারুণ কিছু ক্যাচ ধরেছে। আমি ওকে কখনো ডিপে ফিল্ডিং করাইনি। কারণ, ওর থ্রোয়িং আর্মে সমস্যা আছে। এখনো সেই সমস্যা ও কাটিয়ে উঠতে পারেনি। জুনায়েদকে এই দিকে আরও মনোযোগী হতে হবে।গত বছর জুনায়েদ ছিল দারুণ ধারাবাহিক। আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ২০১০ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি গড় (৩৫.৫০) ছিল ওরই। রানের দিক দিয়ে ইমরুল, তামিম, সাকিবের পেছনে। কিন্তু প্রথম তিনজনের চেয়ে গত বছর ও ম্যাচ খেলেছে কম। টেস্ট-ওয়ানডে মিলে গত বছর জুনায়েদ করেছে দুটি সেঞ্চুরি, সাতটি ফিফটি।তিন নম্বর ব্যাটসম্যানের জন্য দলে আস্থা তৈরি করা খুবই দরকার। এ জন্য ধারাবাহিকতা চাই। তবে অনেককে বলতে শুনেছি, জুনায়েদের রান তোলার গতিটা এখন কমে গেছে। দলের প্রয়োজনে হয়তো সে কিছুটা লাগাম পরিয়েছে ব্যাটে। কিন্তু আমার ধারণা, ও ব্যাটিং নিয়ে বাড়াবাড়ি রকমের দুশ্চিন্তা করে। নিজের ব্যাটিং নিয়ে সব সময় চিন্তাভাবনা করা ভালো, কিন্তু তা দুশ্চিন্তার পর্যায়ে চলে গেলে শেষ পর্যন্ত নেতিবাচক ফলই আসে। বিশ্বকাপে ওকে চাপমুক্ত ব্যাটিং করার পরামর্শ দেব আমি।জুনায়েদ খুবই ফ্যাশনেবল একটা ছেলে। কেতাদুরস্ত পোশাক ভালোবাসে। ব্যাটসম্যান জুনায়েদও তার ‘ফ্যাশন’টা ধরে রাখুক।