জুনায়েদের আঘাতে বিধ্বস্ত লঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে মরা উইকেট, তার ওপর আবুধাবির অসহ্য গরম। টস জেতার পরও মিসবাহ-উল হক ফিল্ডিং নেওয়ায় অনেকেই চমকে গিয়েছিল। ভাষ্যকারেরাও প্রশ্ন তুলেছিলেন। প্রশ্নটি আরও বড় হয়ে দেখা দিল, বিনা উইকেটে শ্রীলঙ্কা ৪৮ রান তুলে ফেলায়।দিনশেষে সেই সমালোচকদের মুখ বন্ধ আর মিসবাহর মুখে হাসি। আবুধাবি টেস্টের প্রথম দিনেই মাত্র ১৯৭ রানে অলআউট শ্রীলঙ্কা! একটু লড়াই করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, ফিফটি করে অপরাজিত। অন্যদিকে নিজের দ্বিতীয় টেস্টেই ৫ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি পেসার জুনায়েদ খান। পরে বিনা উইকেটে ২৭ রান তুলে দিনটাকে একেবারেই নিজেদের করে নিয়েছে পাকিস্তান।লাহিরু থিরিমান্নেকে আউট করে দিনের প্রথম আঘাতটি অবশ্য হানেন সাঈদ আজমল। শ্রীলঙ্কা এরপর ৬৬ রানের মধ্যে হারিয়ে ফেলে ৭ উইকেট। ১ উইকেটে ৫০ রানে লাঞ্চে যাওয়া শ্রীলঙ্কা চা বিরতিতে ৭ উইকেটে ১১৫। এই ছয় উইকেটের তিনটিই ২১ বছর বয়সী জুনায়েদের। নিজের অষ্টম আর ইনিংসের ৪৯তম ওভারে জোড়া আঘাতে ফেরান দুই জয়াবর্ধনেকে। নিজের পরের ওভারেই ফেরান হেরাথকেও।২ রানের মধ্যে এই তিন ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা শ্রীলঙ্কাকে কিছুটা আশা দেন ম্যাথুস। প্রথমে লাকমলকে নিয়ে অষ্টম উইকেটে ৫৪ রানের জুটি। এরপর নবম উইকেটে ভেলেগেদারার সঙ্গে যোগ করেন ২৫। কিন্তু জুনায়েদ আবারও পরপর দুই ওভারে ভেলেগেদারা আর অভিষিক্ত প্রদীপকে ফিরিয়ে দেওয়ায় দুই শর আগেই অলআউট শ্রীলঙ্কা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস ১৯৭/১০ (ম্যাথুস ৫২*, পারানাভিতানা ৩৭, মাহেলা ২৮, থিরিমান্নে ২০, দিলশান ১৯; জুনায়েদ ৫/৩৮, গুল ২/৩৭, আজমল ২/৫৬, চিমা ১/৫১)। পাকিস্তান ১ম ইনিংস ২৭/০ (হাফিজ ১৭, তৌফিক ৮; ভেলেগেদারা ০/৯, লাকমল ০/৮)।