জুনায়েদের উপভোগের মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি তো তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন...শুনে একটু যেন হকচকিয়ে গেলেন জুনায়েদ সিদ্দিক। ওয়ানডে অভিষেক ২০০৭ বিশ্বকাপ শেষ হওয়ার ৮ মাস পর। তাহলে? পরক্ষণেই মনে পড়ে গেল, ‘হ্যাঁ, প্রথম দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি দক্ষিণ আফ্রিকায় ও ইংল্যান্ডে। ওই অভিজ্ঞতাও ছিল দারুণ। তবে আসল বিশ্বকাপ তো এটাই।’‘আসল বিশ্বকাপ’ খেলার অনেকটা কাছাকাছি গিয়েছিলেন গতবারই। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন, তবে জায়গা হয়নি চূড়ান্ত দলে। বাদ পড়াটাকে অবশ্য ইতিবাচকভাবেই নিয়েছিলেন জুনায়েদ, ‘সে সময় বয়স অনেক ছিল কম। হয়তো সুযোগ না পাওয়াটাই ভালো হয়েছিল। এত বড় ইভেন্ট দিয়ে শুরু করলে অনেক চাপ থাকত।’ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যখন ভারত-বধ কাব্য রচনা করছে, জুনায়েদ তখন সেন্ট মার্টিনে। জাতীয় লিগে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগীয় দল ঘুরতে গিয়েছিল প্রবাল দ্বীপে। বাংলাদেশের স্মরণীয় জয়ের পর আনন্দভ্রমণ সংক্ষিপ্ত করে চলে এসেছিল তারা। এবার আবার যখন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, জুনায়েদের কাঁধে তিন নম্বরে ব্যাট করার গুরুদায়িত্ব। একেকটা দিন কাটছে যেন এক ধরনের ঘোরের মধ্যে, ‘প্রতিটি দিনই অনেক উত্তেজনার মধ্যে পার করছি। আর মাত্র ১৯ দিন! দেশের মাটিতে বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো ব্যাপার। আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। বিশ্বকাপ খেলতে পারাটাই অনেক বড় অর্জন, ভালো পারফর্ম করতে পারলে তো কথাই নেই।’বিশ্বকাপ অভিষেকের দোরগোড়ায় দাঁড়িয়ে জুনায়েদের মনে পড়ে যায় ফেলে আসা দিনের কথা। আবছা মনে পড়ে সেই ছোটবেলা, যখন বাবা হাতে তুলে দিয়ে ছিলেন প্লাস্টিকের ব্যাট। বাবাও ছিলেন ক্রিকেটার, ঢাকার শীর্ষ পর্যায়ে ১৪ বছর খেলেছেন। ডানহাতি ফাস্ট বোলার ছিলেন, তবে ইচ্ছে ছিল ছেলে হবে বাঁহাতি ব্যাটসম্যান। ছোট্ট জুনায়েদকে বাঁ হাতে ব্যাট ধরিয়ে প্লাস্টিকের বলে বোলিং করতেন বাবা। কিন্তু ছেলেও আস্তে আস্তে বাবার মতো হয়ে গেলেন ডানহাতি ফাস্ট বোলার। ব্যাটিংটা কেমন যেন জটিল লাগত তাঁর কাছে।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য জটিল ব্যাপারটা সহজ হতে লাগল। রাজশাহী লিগে স্থানীয় কয়েকজনের ব্যাটিং দেখে সাধ জাগল ব্যাটসম্যান হওয়ার। বাবা এটাই চাইছিলেন। ব্যস, বাবা-ছেলে মিলে উঠে পড়ে লাগলেন ব্যাটিং নিয়ে। মাঠে, বাড়ির আঙিনায়, আয়নার সামনে সব জায়গায় চলল অনুশীলন। ফলাফল—স্থানীয় লিগে রান-বন্যা। ‘হিসাব করে দেখেছি, ১১টি সেঞ্চুরি করেছি রাজশাহী প্রিমিয়ার লিগে। মনে হয় না রাজশাহীতে আর কেউ এতগুলো সেঞ্চুরি করেছে’—হাসতে হাসতে বলেন জুনায়েদ।বাবা ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ছেলের সব খেলা মাঠে বসে দেখতেন, ছেলেকে অনুপ্রেরণা দিতেন। বাবার কথা বলতে গিয়ে গলাটা যেন একটু ধরে আসে জুনায়েদের, ‘আমার সাফল্যের মূল রহস্য বাবা। বাবা না থাকলে এত দূর আসা হতো না। যেভাবে আমার পাশে থেকেছেন, আমার জন্য কষ্ট করেছেন, এটা অকল্পনীয়। বাবার এই প্রচেষ্টা দেখেই মনে জেদ চেপে গিয়েছিল, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। ঢাকা লিগে শেষ বছরে বাবা মোহামেডানের হয়ে খেলেছিলেন। স্বপ্ন দেখতেন, আমিও একদিন মোহামেডানে খেলব। মোহামেডানে খেলেছি, ভালোও করেছি। বাবা কখনো জাতীয় দলে খেলতে পারেননি, আমি বাবার সেই অপূর্ণতাও ঘুচিয়ে দিয়েছি। বাবার স্বপ্ন পূরণ করতে পারাই এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’বাবা তাঁর নিরন্তর অনুপ্রেরণা। আর ক্রিকেটার জুনায়েদকে গড়ে তোলায় কৃতজ্ঞতা তাঁর দুজনকে, ‘সাদ ভাই (জামিলুর রহমান) আমাকে প্রথম প্রিমিয়ারে খেলার সুযোগ করে দিয়েছেন। শানু ভাই (শাহনেওয়াজ শহীদ) অনেক সাহায্য করেছেন। তিনি আমার ব্যাটিং কোচ, ২০০৭ সালে তিনটি মাস আমাকে নিয়ে অনেক খেটেছেন। এরপরই আমি জাতীয় দলে সুযোগ পাই।’বাবা আর কোচদের স্বপ্ন তো পূরণ করতে পেরেছেন, জুনায়েদের সামনে এখন দেশের কোটি কোটি ক্রিকেটামোদীর স্বপ্ন পূরণ করার চ্যালেঞ্জ। জুনায়েদ কিন্তু এই চ্যালেঞ্জে ঘাবড়াচ্ছেন না। বরং চুটিয়ে উপভোগ করতে চান দেশের মাটিতে বিশ্বকাপ ‘আমি সব সময় মজা করতে ভালোবাসি। এক মুহূর্ত চুপ থাকতে পারি না। বিশ্বকাপটাও এভাবেই উপভোগ করতে চাই। মাঠে নিজের সেরাটা ঢেলে দেব। তারপর যা হওয়ার হবে।’উপভোগ করতে পারলে ফলটাও ভালো হয়, কে না জানে!