জুনায়েদের ‘ভালো ক্রিকেট’ মন্ত্র
হাতে একটা রাবারের লাঠিমতো নিয়ে ব্যাটিংয়ের ভঙ্গি করলেন। সাকিব আল হাসানের সঙ্গে খানিকক্ষণ ফুটবলও খেললেন। দূর থেকে বোঝার কোনো উপায়ই নেই, হাতে কোনো ব্যথা আছে। তাহলে তামিম ইকবাল কি ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে গেলেন! ‘অনেক দেরি এখনো’—ড্রেসিংরুমের সামনে বসে হাতের ব্যায়াম করতে করতে বলছিলেন তামিম ইকবাল। অস্ত্রোপচারের পর কালই প্রথম হাতের ব্যান্ডেজ খোলা তামিম তা করতে করতে আড্ডাই জমিয়ে ফেললেন। নানা গল্প হচ্ছিল। অস্ট্রেলিয়ার গল্প, অস্ত্রোপচারের গল্প, সিনেমা-টিনেমার গল্পও চলছিল। এর মধ্যে অনুশীলন থেকেই উঠে এলেন অস্ত্রোপচারের ব্যাপারে বাংলাদেশ দলে সবচেয়ে অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা। ‘দেখি, অপারেশনটা কোথায় হয়েছিল’—বলে তামিমের বাঁ হাতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তামিমের হাতটা দেখতে দেখতেই বললেন, ‘ইনজুরি আমাদের দলের জন্য একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে।’ভয় ছিল, ‘ইনজুরি-শত্রু’ আরও ছোবল হানে কি না। আপাতত সেই দুশ্চিন্তা থেকে মুক্তি। মাশরাফি কাল অনুশীলনে আর ব্যথা টের পাননি। আগের দিন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রুবেল হোসেনও বল করেছেন। তারপরও সাবধানের মার নেই ভেবে জাতীয় দলের অনুশীলনে কাল ডেকে আনা হয়েছে নাজমুল হোসেনকে। স্বস্তি এই যে, এখন পর্যন্ত আফসোস শুধু সেই তামিমকে নিয়েই। অবশ্য তামিম না থাকলেও জুনায়েদ সিদ্দিকীর দিকে চেয়ে একটু ভরসা পেতে পারে বাংলাদেশ। না, জুনায়েদের পারফরম্যান্স কোনোভাবেই তামিমের সঙ্গে তুলনীয় নয়। তবে একটা জায়গায় দুজনের মিল আছে। এই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে ডানেডিন টেস্টে একসঙ্গে অভিষেক হয়েছিল তামিম-জুনায়েদের। দুজনই অভিষেকে ফিফটি করেছিলেন। দুই বছর আগে নিউজিল্যান্ডের সর্বশেষ সফরে বাংলাদেশের ওয়ানডে জয়েও সবচেয়ে উজ্জ্বল ছিলেন জুনায়েদ। ৮৫ রান করে পেয়েছিলেন ম্যাচ-সেরার স্বীকৃতি। ম্যাচ জেতানো সেই ইনিংসের কথা বলতে গিয়ে জুনায়েদের মুখটা হাসিতে ভরে উঠল, ‘শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বলে না। যেকোনো দলের বিপক্ষে খেলার আগেই আমি ওই ভিডিওটা দেখি। ভালো লাগে। কাল রাতেও একবার দেখেছি। এবারও সে রকম কিছু করতে চাই।’চাইলেও পারাটা কি সহজ হবে? নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করার পথে মূল চ্যালেঞ্জ নিশ্চয়ই ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু সঙ্গে যে কয়েকজন তরুণ পেসারও আছেন; যাঁরা নাকি নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন।জুনায়েদের কথা শুনে অবশ্য মনে হলো না, তিনি এঁদের নিয়ে খুব চিন্তিত। চেনা ভঙ্গিতে মৃদু হাসিমুখেই বললেন, ‘আমরা নিকট অতীতে ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রডের মতো পেসারকে খেলেছি। ব্রডকে তো ইংলিশ কন্ডিশনে খেলেছি। ফলে আমাদের কন্ডিশনে পেস খুব বড় সমস্যা হবে বলে মনে হয় না। আসলে ভালো ক্রিকেট খেললে কন্ডিশন যা-ই হোক কোনো বোলারই সমস্যা না। আর খারাপ খেললে যেকোনো কন্ডিশনে খারাপ বোলারের বলেও আউট হওয়া সম্ভব।’এরপরই এই ‘ভালো ক্রিকেট’ কথাটাকে ব্যক্তিগত বা শুধু ব্যাটসম্যানদের সীমানা ছাড়িয়ে দলের করে দিলেন জুনায়েদ, ‘খারাপ ক্রিকেট খেললে যেকোনো দলের বিপক্ষেই ফলাফল খারাপ হবে। তবে ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা বড় বড় দলকেও হারাতে পারি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পাওয়া সম্ভব।’ তবে সেটির পূর্বশর্ত হিসেবে দেখছেন ভালো একটা শুরুকে অর্থাৎ নিউজিল্যান্ডের নতুন বলের বোলারদের ঠিকমতো জবাব দিতে পারাটাকে। ভালো শুরুর জন্য তামিমের অনুপস্থিতিতে ইমরুল কায়েসের সঙ্গে কি তিনিই ওপেন করতে যাবেন? ইমরুল ও তামিম অনেকক্ষণ ধরে সেন্টার উইকেটে একসঙ্গে ব্যাট করায় প্রশ্নটা উঠল। জুনায়েদ সপ্রতিভ জবাব দিলেন, ‘ইমরুলের সঙ্গে অনুশীলন করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা একেক সময় একেক জুটিতে অনুশীলন করি। আসলে আমি দুই-তিনটি সিরিজ ধরে তিন নম্বরে খেলছি। দল চাইলে যেকোনো জায়গায় ব্যাট করতে পারি। দলের জয়ের জন্য যা প্রয়োজন, তা-ই করব।’জুনায়েদের কাছে প্রয়োজন তো শুধু রান।