জুনিগা কাপুরুষ!
ব্রাজিলিয়ানদের কাছে তিনি খলনায়ক। হুয়ান ক্যামিলো জুনিগাকে হত্যারও হুমকি দিয়েছেন অনেক পাঁড় ব্রাজিল সমর্থক। তবে যাঁকে নিয়ে ফুটবল বিশ্বে এত তোলপাড় সেই কলম্বিয়া ডিফেন্ডারকে ফিফা দোষী প্রমাণ করতে পারলেন না! নেইমারের মেরুদণ্ড ভেঙে তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েও কোনো শাস্তি পেলেন না এই কলম্বিয়ান ফুটবলার৷ ফিফার বক্তব্য, জুনিগার মধ্যে কোনো হীন উদ্দেশ্য পাওয়া যায়নি ৷ তিনি নাকি সারাক্ষণ বল দখলের লড়াইয়ে ছিলেন৷ ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি বলেছে, রেফারি জুনিগাকে হলুদ বা লাল কার্ড দেখাননি, অথচ ঘটনাটি তাঁর নজর এড়ায়নি৷ ফলে রেফারি যেখানে কোনো শাস্তি দেননি, সেখানে শাস্তি বাড়ানো বা কমানোর কোনো প্রশ্নই ওঠে না৷ ফিফার শাস্তি এড়াতে পারলেও ব্রাজিল খেলোয়াড়দের রোষানল থেকে বাঁচতে পারছেন না জুনিগা। থিয়াগো সিলভা যেমন বলছেন, ওর ট্যাকলটা ছিল কাপুরুষোচিত। আমিও তো ডিফেন্ডার। এভাবে কেউ ট্যাকল করে! সামনে থাকা বল ধরার জন্য কেউ পেছন থেকে হাঁটু মারে নাকি! জার্মানির বিপক্ষে সেমিফাইনালে নিষিদ্ধ থিয়াগোর শাস্তি কমাতেও ফিফার কাছে আপিল করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেই আবেদন গৃহীত হয়নি। রয়টার্স, স্কাই স্পোর্টস।