জুনিগার নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে রাতারাতি খলনায়ক বনে গেছেন হুয়ান জুনিগা। কলম্বিয়ান ডিফেন্ডারকে কেউ বলছেন ‘কাপুরুষ’, কেউ বলছেন ‘শয়তান’। এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকদের কাছ থেকে। এসব নিয়ে বেশ শঙ্কিতই হয়ে পড়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। ২৮ বছর বয়সী ফুটবলারের জন্য এখন নিরাপত্তার ব্যবস্থার কথা ভাবতে হচ্ছে সে দেশের সরকারকে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যামিলো জুনিগা ও তাঁর পরিবারকে দেওয়া হুমকি ও অপমানের বিষয়গুলো প্রত্যাখ্যান করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। তবে এসবের পুনরাবৃত্তি হলে তাঁকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে। সরকারই তাঁর প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা দেবে। সেটা হতে পারে ইতালিতে তাঁর স্থায়ী আবাসনের জায়গায় এবং কলম্বিয়াতেও।’ দারুণ একটা বিশ্বকাপ কাটানো জুনিগা এখন কলম্বিয়ায় ছুটি কাটাচ্ছেন। ছুটি শেষ হলেই ফিরবেন তাঁর ক্লাব নাপোলিতে। রয়টার্স।