জুনিগার শাস্তি চেয়ে...
যাঁর কারণে ব্রাজিলের এত বড় ক্ষতি হয়ে গেল, সেই হুয়ান জুনিগার কিছুই হবে না? ফিফার শৃঙ্খলা কমিটিকে তাই তদন্ত করে কলম্বিয়ান ডিফেন্ডারকে শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সঙ্গে ওই ম্যাচেই পাওয়া অধিনায়ক থিয়াগো সিলভার হলুদ কার্ডটিও বাতিল করার আবেদন জানিয়েছিল সিবিএফ, যাতে সিলভা আজ জার্মানির সঙ্গে সেমিফাইনালে খেলতে পারেন। ফিফা অবশ্য কাল নাকচ করে দিয়েছে ব্রাজিলের দুটি আবেদনই।
গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে পেছন থেকে গুরুতর ট্যাকল করে নেইমারের বিশ্বকাপ শেষ করে দিয়েছেন জুনিগা। পরদিনই অবশ্য কলম্বিয়ান ডিফেন্ডার বলেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নেইমারকে ফাউল করেননি। যদিও রিপ্লে জুনিগার দাবি সমর্থন করে না। সিবিএফ তাই শাস্তি দাবি করেছে জুনিগার। ওই ম্যাচেই কলম্বিয়ার গোলরক্ষককে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন সিলভা। যেটা টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় আজ জার্মানির সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। এএফপি।