জুনিয়র মেসির আনন্দের ফুটবল

বয়স এখনো দুই বছরও হয়নি। সদ্যই হাঁটতে শিখেছে। কিন্তু এই বয়সেও ফুটবলটা কী সুন্দর মানিয়ে যায় ছোট্ট পা দুটোর সঙ্গে। টের পাওয়া যায় যে ফুটবলটা তার রক্তেই আছে। বলা হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ২০ মাস বয়সী শিশুপুত্র থিয়াগো মেসির কথা। সম্প্রতি ইতালিতে বেড়াতে গিয়ে মেসি-পুত্র জানান দিয়েছে নিজের ফুটবল প্রতিভার।
ইতালির সাবাউদিয়া সমুদ্রসৈকতে সবাই যখন গা এলিয়ে দিয়ে রোদ পোহাচ্ছিল, তখন একটা ফুটবল নিয়ে মেতে ওঠে থিয়াগো। মহা আনন্দে দৌড়ে বেড়াচ্ছিল রঙিন একটা বল নিয়ে। মাঝেমধ্যেই দুই হাত ওপরে তুলে ফেটে পড়ছিল উল্লাসে। ঠিক যেন গোল দিয়েছে বাবার মতো।
বাবা যেমন দুর্দান্ত সব পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন, তেমনি ছোট্ট মেসিও অনেক ভক্ত জুটিয়ে ফেলেছিল সমুদ্রসৈকতে। মেসির ছোট্ট এই আদুরে পুত্রটিকে বল নিয়ে ছুটোছুটি করতে দেখে হাততালি দিয়ে উত্সাহ দিয়েছিলেন উপস্থিত অনেকেই।
বিশ্বকাপের পর স্ত্রী-পুত্র নিয়ে ইতালিতে ছুটি কাটাচ্ছেন মেসি।