জুনেই প্রিমিয়ার ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের আন্দোলনের মুখে সপ্তাহ খানেক সময় চেয়েছিল বোর্ড। সেটি পার হয়ে গেছে অনেক আগেই। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কাল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বসেছিল বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর সুনির্দিষ্ট তারিখ যদিও ঘোষণা করা হয়নি এই সভাতেও, তবে অনিশ্চয়তা মোটামুটি কেটে গেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান জানালেন, জুনের মাঝামাঝি শুরু হতে পারে লিগ। এটি যদি হয় ক্রিকেটারদের জন্য স্বস্তির খবর, তবে খানিকটা অস্বস্তির খবরও আছে। এবার আর ক্লাবগুলোর সঙ্গে দর-কষাকষির সুযোগ থাকছে না ক্রিকেটারদের। ক্রিকেটারদের চারটি কিংবা পাঁচটি শ্রেণীতে ভাগ করে বিপিএলের আদলে নিলাম হতে পারে। ১৮১ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করে দিয়েছে বিসিবি। নিলামমূল্য নির্ধারণ করে দেবে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। তবে কয়টি শ্রেণী বা কোন শ্রেণীর ভিত্তিমূল্য কত হবে, এই সবকিছুই চূড়ান্ত নয় এখনো।কাল দুপুরের সভা শেষে নাজমুল হাসান জানালেন, ‘ক্লাব প্রতিনিধিরা লিগ শুরুর ব্যাপারে যথেষ্ট ইতিবাচক। আমরা চাই, যত দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগ মাঠে গড়াক, কারণ অনেক ক্রিকেটারের আয়ের প্রধান উৎস এটাই। সূচি চূড়ান্ত করতে আমরা ক্লাবগুলোর সঙ্গে আজ বৈঠক করছি। জুনের মাঝামাঝি লিগ শুরু হয়ে চলতে পারে জুলাই পর্যন্ত।’মূলত ক্লাবগুলোর আগ্রহ ও ইচ্ছাতেই ক্রিকেটারদের সম্মানী বেঁধে দেওয়ার সিদ্ধান্ত। বাস্তবতার নিরিখে ক্লাবগুলোর দাবি মেনে নেওয়া তো বটেই, বোর্ড সভাপতি নতুন নিয়মে দেখছেন ক্রিকেটারদের স্বার্থ-সংরক্ষণও, ‘ক্লাবগুলো প্রতিবছরই চ্যালেঞ্জের মুখে পড়ছে। আগে শুধু আবাহনী-মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানাত, এখন আরও অনেক দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়ে। এটা দেশের ক্রিকেটের জন্য ভালো খবর। কিন্তু এই লড়াইয়ে নেমে দু-তিনটি ক্লাব ছাড়া আর কেউ দলই গড়তে পারবে না, এই অবস্থা যাতে সৃষ্টি না হয়, এ জন্যই এই ব্যবস্থা। প্রত্যেক ক্রিকেটার টাকা পাবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। ব্যক্তিগতভাবে আমি চাই ক্রিকেটারদের সঙ্গে ক্লাবের চুক্তি হোক।’সিসিডিএম চেয়ারম্যান ও বোর্ডের অস্থায়ী কমিটির সদস্য জালাল ইউনুসের বক্তব্যও একই, ‘পেমেন্ট পদ্ধতি আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করার ব্যাপারে একমত হয়েছে সিসিডিএম ও ক্লাবগুলো। নতুন পদ্ধতিতে সব পক্ষই লাভবান হবে। আশা করি, সাত দিনের মধ্যে নতুন পদ্ধতির একটা কাঠামো আমরা দাঁড় করাতে পারব।’ ২০-২১ মে নাগাদ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আবার বসবে বিসিবি। বোর্ড সভাপতিই জানিয়েছেন, তখনই সম্মানীর কাঠামোসহ লিগ শুরুর তারিখও নির্ধারিত হবে, ‘সাত দিন পর আমরা সব প্রস্তাবনা নিয়ে বসব। লিগ শুরুর একটা তারিখ তখন আশা করি ঠিক করতে পারব। একটা ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম, প্রিমিয়ার লিগ এ বছর হতেই হবে।’বিসিবি প্রধানের দাবি, সম্মানী কাঠামোর নতুন পদ্ধতি বেশির ভাগ ক্রিকেটারেরই পছন্দ হবে, ‘আমি আশ্বস্ত করতে পারি শতকরা ৯৫ ভাগ ক্রিকেটারই এই নিয়মে খুশি হবে। বাকি ৫ ভাগ, যারা অনেক বেশি টাকা পেত, তারা হয়তো এবার কিছুটা কম পাবে। ঘরোয়া ক্রিকেটসূচিতে ঢাকা প্রিমিয়ার লিগকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার যে ভাবনা কদিন আগে জানিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান, বিসিবি প্রধান কাল সেটা বাস্তবায়নের আশ্বাস দিলেন, ‘বিপিএলে খেলে অল্প কজন ক্রিকেটার কিন্তু প্রিমিয়ার ডিভিশনে খেলে অনেক বেশি ক্রিকেটার। খেলোয়াড়দের স্বার্থেই প্রিমিয়ার লিগ যাতে বেশি গুরুত্ব পায় এবং ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে সেজন্য এটাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।’