জুনেই সুপার কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সংশয় দূর করে আগামী মাসেই সুপার কাপ আয়োজনে সম্মতি দিয়েছে ক্লাবগুলো। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কাল ক্লাবের সভায় টুর্নামেন্টের সময়সূচিও ঠিক হয়েছে। ১৪-২৫ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে সুপার কাপের তৃতীয় আসর।শেখ জামাল ধানমন্ডি ‘খেলব না’ বললেও শেষ পর্যন্ত রাজি হয়েছে। ক্লাব সভাপতি মনজুর কাদেরের ভাষায়, ‘আমার বন্ধু সালাউদ্দিনের অনুরোধে এবং ফুটবলের বৃহত্তর স্বার্থে আমরা খেলব।’ তবে প্রথম সুপার কাপ জয়ী এবং দ্বিতীয় আসরের রানার্সআপ মোহামেডান এবার নানা সমস্যা দেখিয়ে না খেলার সিদ্ধান্তে অটল। যদিও তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আজ। মোহামেডান এলে ৮টি দল হবে। নইলে শেখ রাসেল, শেখ জামাল, আবাহনী, বিজেএমসি, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, ফেনী সকার—এই সাতটি দলকে নিয়েই এক মৌসুম পর মাঠে ফিরবে সুপার কাপ। কিন্তু মোহামেডান না খেললে বাফুফের এই ভালো উদ্যোগটি একটু হলেও ঔজ্জ্বল্য হারাবে বৈকি!এবারের টুর্নামেন্টে অর্থ পুরস্কার কমছে। থাকছে আরেকটি নতুনত্ব—নেই কোনো বিদেশি খেলোয়াড়। ‘অসময়ে’ স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হয়ে আসা এই টুর্নামেন্টে খেলতে ক্লাবগুলো রাজি হয়েছে একটা ব্যাপারে ঐক্যমতে পৌঁছে। আগের দুটি সুপার কাপে দুই ফাইনালিস্ট বাদে অন্যরা অংশগ্রহণ ফি পেয়েছিল পাঁচ লাখ টাকা করে। এবার তা ১৫ লাখে উন্নীত। এটা করতে গিয়ে চ্যাম্পিয়ন দলের অর্থ পুরস্কার এক কোটি টাকা থেকে নেমে হয়েছে ৫০ লাখ। রানার্সআপ অবশ্য আগের মতোই ২০ লাখ টাকা পাবে।মাঝখানে চ্যাম্পিয়ন দলকে কোটি টাকা দেওয়া হবে না বলা হলেও পরে কোটি টাকাই ঠিক হয়। কাল সেটি পাল্টে যাওয়ার প্রেক্ষাপট জানালেন সালাউদ্দিন, ‘ক্লাবগুলোই অংশগ্রহণ ফি বাড়াতে বলেছে। চ্যাম্পিয়ন দলকে কোটি টাকা না দেওয়ার ব্যাপারটা তাদেরই পরামর্শে।’হিসাব করে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়নদের প্রাইজমানি অর্ধেক করা হলেও সুপার কাপের খরচ কমছে না। সাতটি দল খেললে অংশগ্রহণ ফি এবং অর্থ পুরস্কার বাবদ ব্যয় হবে ১ কোটি ৪৫ লাখ টাকা। আগের দুটি টুর্নামেন্টেও (২০০৯ ও ২০১১) এই পরিমাণই ব্যয় হয়েছে। ক্লাব ক্যাম্প বন্ধ করে দিয়েছে, এই বৃষ্টির সময়ে সুপার কাপ কেন? বাফুফে সূত্রের খবর, সুপার কাপ আয়োজন না করলে এই খাতে স্পনসরের টাকা পাওয়া যাবে না। তাই টুর্নামেন্টটি এই মৌসুমেই করতে বাধ্যবাধকতাও আছে বাফুফের।প্রথমে কথা ছিল এটি হবে চলতে মাসে। কিন্তু জুনে জাতীয় দলের লন্ডন সফর এসে পড়ায় টুর্নামেন্টটি পিছিয়ে নেওয়া হয় অক্টোবর-নভেম্বরে। পরে লন্ডন সফর বাতিল হওয়ায় জুন মাসকেই বেছে নেওয়া।