জুবায়ের থামালেন লঙ্কান যুবাদের
সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের টেস্টের প্রথম দিনটার প্রায় পুরোটাই খেয়ে নিয়েছিল বৃষ্টি। কাল দ্বিতীয় দিনেও খেলা হলো মাত্র ৭০.৪ ওভার। তবে এরই মধ্যে সফরকারীদের প্রথম ইনিংস ১৮৫ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশের তরুণেরা। এরপর ব্যাটিংয়ে নেমে তারা বিনা উইকেটে করেছে ১৯ রান। দেরিতে শুরু হওয়া যুব টেস্টের দ্বিতীয় দিনের প্রথম অংশটা ছিল লঙ্কানদের। কুশল মেন্ডিস ও হাশান ডুমিন্ডু উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন ৭৮ রান। ৮৩ বলে ৫৪ রান করা অধিনায়ক মেন্ডিসকে ফিরিয়ে স্বাগতিক দলের ঘুরে দাঁড়ানোর সূচনা করেন রিফাত প্রধান। লঙ্কানরা ১০ উইকেট হারায় মাত্র ১০৭ রানের মধ্যে। ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন জুবায়ের হোসেন, বাংলাদেশের সফলতম বোলার এই লেগ স্পিনার। সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৬৮ ওভারে ১৮৫ (মেন্ডিস ৫৪, দেবিন্দা ৩২, ডুমিন্ডু ২৩, ভানুকা ২৩, সামারাবিক্রমা ২০; জুবায়ের ৪/৩৫, মেহেদি ২/১, মোসাদ্দেক ২/২৯, নেহাদুজ্জামান ২/২৯, রিফাত ১/৪৫)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৮ ওভারে ১৯/০ (নাজমুল ১২*, সাদমান ৬*)।