জুভ-মিলান মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রি বলছেন ‘একঝলক তাজা বাতাস’। টানা চার ম্যাচে জয়হীন থেকে মৌসুম শুরু করার পর সেই তাজা বাতাসটাই দরকার ছিল এসি মিলানের। ইতালিয়ান লিগে সেসেনার পর চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে জয়—আগামীকাল জুভেন্টাস-পরীক্ষার আগে স্বস্তির সুবাতাস মিলান শিবিরে।গত আট মৌসুমে লিগ জেতেনি, তার পরও সবচেয়ে বেশি লিগ শিরোপা জেতার রেকর্ডটি (২৭টি) এখনো জুভেন্টাসের দখলে। এর পরই আছে ১৮টি করে শিরোপা জেতা দুই মিলান। জুভেন্টাস আর এসি মিলান মুখোমুখি হওয়া মানে উত্তেজনার বাড়তি উত্তাপ। লিগে প্রথম চার ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পেয়ে ১২ নম্বরে থাকা মিলান স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে নিজেদের আরও ভালো অবস্থানে দেখতে চাইবে। আর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস চাইবে অবস্থানটি আরও শক্ত করতে।দুই দলের মধ্যে পয়েন্ট টেবিলে অবস্থানগত দূরত্ব ১১ হলেও পয়েন্টের দূরত্ব মাত্র তিন। অ্যালিগ্রির চাওয়া, এই ব্যবধান যেন না বাড়ে, ‘মাত্রই শুরু হলো। তার পরও আমাদের জুভেন্টাসকে নাগালের মধ্যেই রাখতে হবে, পয়েন্টের ব্যবধান বাড়তে দেওয়া যাবে না।’নিজেদের মাঠে খেলার সুবিধা তো আছেই। মিলানের চেয়ে বাড়তি বিশ্রামের সুযোগও পেয়েছে জুভেন্টাস। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল মিলানের। জুভেন্টাসের কোনো খেলাই ছিল না। তার ওপর মিলান এই ম্যাচে দুই ব্রাজিলিয়ান পাতা ও রবিনহোকেও পাচ্ছে না। অ্যালিগ্রি অবশ্য বৃহত্তর ছবিটাই দেখছেন। টানা দুটো জয়ই তাঁর কাছে বড় পাওয়া, ‘যখন আপনি জেতেন, স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাসও বেড়ে যায়।’ইতালিয়ান সিরি ‘আ’র এই রাউন্ডে জুভ-মিলান মহারণের ছায়ায় ঢাকা পড়ে গেছে বাকি সব ম্যাচ। তবে আজও কিন্তু রোমাঞ্চকর এক লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও নাপোলি। এমনিতে নাপোলিকে হয়তো হিসাবের মধ্যেই ধরতে চাইবেন না অনেকে। কিন্তু গত দুই মৌসুমে যেন ম্যারাডোনা-যুগ ফিরিয়ে এনেছে নেপলসের ক্লাবটি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জেতার আত্মবিশ্বাসও সঙ্গী হবে তাদের। তা ছাড়া লিগেও ৪ ম্যাচে তাদের ৭ পয়েন্ট। ইন্টারের সংগ্রহে যেখানে মাত্র ৪ পয়েন্ট।সেটিও ইন্টার পেয়েছে কোচ বদলের সৌভাগ্যে। ক্লদিও রানিয়েরি আসার পর লিগে বোলোনিয়াকে হারিয়েছে ইন্টার, এর পর রাশিয়ায় গিয়ে হারিয়েছে সিএসকেএ মস্কোকেও। এএফপি, ওয়েবসাইট।