জুভদের জবাব রোমাকে
মাতিয়াস আলমেইদার আত্মজীবনী নিয়ে মন্তব্য করে রোমার কোচ জেদেনেক জেমানই আগুনটা জ্বালিয়ে দিয়েছিলেন জুভেন্টাস শিবিরে। কারণ আত্মজীবনীটি অনেকাংশেই ইতালিয়ান ফুটবলের দুর্নীতি, ডোপিং আর ম্যাচ পাতানো অপরাধের বয়ান। এটির একটা অংশে আছে জুভেন্টাসের ডোপিং অতীতও। সেদিকেই ইঙ্গিত করেছিলেন জেমান। কিন্তু প্রতিপক্ষ শিবিরে আগুন জ্বালিয়ে সেই আগুনে পুরে ছারখার হলো জেমানের দলই। নিজেদের মাঠে রোমাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস।জুভেন্টাস জয়ে ফিরলেও আবারও ড্র করেছে এসি মিলান। পরশু নিজেদের মাঠে পার্মা ১-১ গোলে রুখে দিয়েছে মিলানকে। ওদিকে জার্মান বুন্দেসলিগায় জয়রথ ছুটিয়েই চলেছে বায়ার্ন মিউনিখ। পরশু ভেরডার ব্রেমেনের মাঠে গিয়ে বায়ার্ন তুলে নিয়েছে টানা ষষ্ঠ জয়। জিতেছে ২-০ গোলে। গোল করেছেন লুইস গুস্তাভো ও মারিও মানজুকিচ। এ নিয়ে ৬ ম্যাচে ৬ গোল করলেন এ মৌসুমেই বায়ার্নে যোগ দেওয়া মানজুকিচ। এএফপি।