শেষ মুহূর্তের গোলে দলকে বাঁচানো, দলকে জেতানো; গত কয়েক দিনে এটাই যেন হয়ে উঠেছে ফুটবলের রীতি। ইংলিশ লিগ কাপে পরপর দুই দিন আর্সেনাল ও চেলসি করেছে একই কাণ্ড। শেষ মিনিটের গোলে সমতা এনে পরে অতিরিক্ত সময়ে জিতেছে দুটি দলই। আর পরশু ইতালিয়ান ফুটবলও সাক্ষী হলো এমন ঘটনার। সিরি ‘আ’তে ম্যাচের যোগ করা সময় দেওয়া পল পোগবার গোলে বোলোনিয়াকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও সুসংহত করল বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচের নয়টিতেই জেতা ‘জুভ’দের পয়েন্ট ২৮। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে চার পয়েন্ট এগিয়ে সিরি ‘আ’র সবচেয়ে সফল ক্লাবটি। তা ছাড়া লিগে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটি টানা ৪৯ ম্যাচে নিয়ে গেছে তারা। এএফপি। শেষ মুহূর্তে গোল দেখেছে ইন্টার-সাম্পদোরিয়ার ম্যাচটাও। তবে ৯৪ মিনিটে সিতাদিন এদারের গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছে সাম্পদোরিয়া। প্রথমার্ধে ১-০ গোল পিছিয়ে পড়া ইন্টার মিলান জিতেছে ডিয়েগো মিলিতো, রদ্রিগো প্যালাসিও ও ফ্রেডি গুয়ারিনের তিন গোলে। এই রাউন্ডের আগে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি পরশু ০-১ গোলে হেরে গেছে আটালান্টার কাছে। হেরেছে এএস রোমাও। টট্টির দল ৩-২ গোলে হেরেছে পার্মার কাছে। লাৎসিও ১-১ গোলে ড্র করেছে তুরিনোর সঙ্গে। আগের দিন এসি মিলান ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছিল কাতানিয়ার সঙ্গে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মিলান রয়েছে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে।