জুভেন্টাস ছাড়ার ইঙ্গিত দিলেন পিরলো

৩৪ বছর বয়স হয়ে গেলেও এখনো দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন আন্দ্রেয়া পিরলো। ২০১১ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর টানা দুইটি মৌসুম ইতালিয়ান লিগ জিতেছেন এই প্লেমেকার। কিন্তু দলে নিজের অবস্থান নিয়ে এই মুহূর্তে খানিকটা সংশয়ের মধ্যে আছেন পিরলো। জুভেন্টাসে নিজের মুল্যায়নটা ঠিকমতো হচ্ছে না বলে কিছুটা হতাশাও ব্যক্ত করেছেন ইতালির হয়ে ১০২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার। এভাবেই চলতে থাকলে এবারের মৌসুম শেষে জুভেন্টাস ছেড়ে দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
জুভেন্টাসের সঙ্গে পিরলোর বর্তমান চুক্তির মেয়াদটা আছে ২০১৪ সালের জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত জুভেন্টাস ছাড়ার কোনো পরিকল্পনা নেই পিরলোর। তবে তারপর যদি যথাযথ মুল্যায়ন না পান তাহলে নতুন করে কোনো চুক্তি করবেন না বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি লা গেজেত্তা ডেলো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে পিরলো বলেছেন, ‘আমি ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আর এবারের মৌসুম শেষে আমরা আবার কথা বলব। জুভেন্টাসই আমার প্রথম পছন্দ। কিন্তু আমি কারও বোঝা হয়েও থাকতে চাই না। আমি নিজেকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চাই। এমনটা না হলে আমাকে ক্লাবই ছেড়ে দিতে হবে। যদি তেমনটাই করতে হয় তাহলে আমি অন্য কোনো দেশেই হয়তো চলে যাব।’
রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে স্বীকার করেছেন পিরলো। জুভেন্টাস ছাড়লে হয়তো স্যান্টিয়াগো বার্নাব্যুতেও দেখা যেতে পারে ইতালিয়ান এই মিডফিল্ডারকে। তবে তেমন সম্ভাবনার কথা অবশ্য এখন উড়িয়েই দিয়েছেন পিরলো, ‘আমি আনচেলত্তির সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে আমার মাঝেমধ্যেই কথা হয়। কিন্তু কেউই আমাকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কোনো প্রস্তাব দেয়নি।’— গোল ডটকম