জুভেন্টাসকে থামাতে চান কাভানি
লিগে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। তবে একটা জায়গায় এখনো অনন্য তুরিনের ওল্ড লেডিরা। মৌসুমে লিগ-কাপ মিলিয়ে একমাত্র অপরাজিত দল তারা। আগামীকালই জুভেন্টাসের এই গৌরব কেড়ে নিতে চান কাভানি। কালকের লিগ ম্যাচেই জুভেন্টাসের অপরাজিত দৌড় থামিয়ে নাপোলির উরুগুইয়ান স্ট্রাইকার জুভদের উপহার দিতে চান মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ!গত ২০ মার্চ, এসি মিলানও একই লক্ষ্যে গিয়েছিল তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। কিন্তু মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল জুভেন্টাসের অপরাজিত দৌড় থামাতে পারেনি। ২-২ গোলে ড্র করে অপরাজিত থাকার গৌরবকে যেমন মলিন হতে দেয়নি জুভেন্টাস, পৌঁছে যায় কাপের (কোপা ইতালিয়া) ফাইনালে। মিলান যেটা পারেনি, সেটাই করে দেখাতে চায় নাপোলি। বিশেষ করে এডিনসন কাভানি। মাঠে নাপোলির পুনর্জন্মের অন্যতম ‘নায়ক’ মনে করা হয় তাঁকে। গোল করাটাকে অভ্যাসে পরিণত করেছেন। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল তাঁর। আর্জেন্টাইন স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জির সঙ্গে তাঁর জুটিটাও জমেছে দারুণ। অনুপ্রেরণা হিসেবে প্রথম লেগের ম্যাচটি তো আছেই। জুভেন্টাসকে পরাজয় উপহার দেওয়ার সবচেয়ে ভালো সুযোগটি তৈরি করেছিল এই নাপোলিই। গত ২৯ নভেম্বর, দুই দলের প্রথম লেগে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল নাপোলি। ৭২ মিনিট পর্যন্তও স্কোর ছিল ৩-১। কিন্তু শেষ পর্যন্ত জুভেন্টাস নাপোলির মাঠ থেকে ফেরে ৩-৩ গোলের ড্র নিয়ে। চোটের কারণে ওই ম্যাচটায় দলে ছিলেন না কাভানি, থাকলে নিশ্চয়ই...। তিনি থাকলেই শুধু কেন, মারেক হামসিক শুরুর দিকে পেনাল্টি মিস না করলেই তো হয়ে যায়! এবার ওটারই শোধ তুলতে চায় কাভানি। পারবেন? ভয় একটাই, ম্যাচটা জুভেন্টাসের নিজেদের মাঠে। কিন্তু কাভানি আশাবাদী, ‘নাপোলির হয়ে জুভেন্টাসের বিপক্ষে খেলাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার জন্য। জুভরা এখনো হারেনি। আমরা আশাবাদী, তাদের হারাতে পারব।’ এএফপি।