বায়ার্ন ২: ০ জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমিতে বায়ার্ন
জুভেন্টাসকে যে সত্যটা চেনাল বায়ার্ন
সামনে ছিল দুস্তর পারাবার। আগের লেগে ২-০ গোলে হেরে আসার পর জুভেন্টাসকে জিততে হতো অন্তত তিন গোলের ব্যবধানে। কিন্তু জয় দূরে থাক, নিজেদের মাঠেও বায়ার্নের কাছে পাত্তাই পেল না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২-০ গোলে হেরেই বিদায় নিতে হয়েছে শেষ আট থেকে। গোল করেছেন মারিও মানজুকিচ ও ক্লদিও পিজারো। বুন্দেসলিগা জেতার পর বায়ার্ন যেন সদম্ভে জানিয়ে রাখল, এই মুহূর্তে চ্যাম্পিয়নস লিগ জেতার অন্যতম দাবিদার তারা।ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে কোনো অজুহাত দাঁড় করাননি। দ্বিধাহীন চিত্তে জার্মান প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন, ‘সোজা কথায়, তারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমরা শুধু তাদের অভিনন্দনই জানাতে পারি। ইউরোপের সবচেয়ে শক্ত দলগুলোর একটার সঙ্গে যখন খেলবেন, তখন সেটা সবার জন্যই কঠিন।’ তবে এরপর আত্মসমালোচনার ধারায় যে বোমাটা ফাটিয়েছেন, তাতেই এখন ইতালিয়ান ফুটবলের টালমাটাল অবস্থা হওয়া উচিত।এক অর্থে প্যান্ডোরার বাক্সই খুলে দিয়েছেন কন্তে। ইতালিয়ান ফুটবলে অলক্ষ্যে ধরে যাওয়া পচনটাও যেন দেখিয়ে দিলেন আঙুল দিয়ে, ‘সামনের কয়েক বছর কোনো ইতালিয়ান দলকে আমি চ্যাম্পিয়নস লিগ জিততে দেখছি না। ইতালির ফুটবল এখন একটা স্থবির অবস্থায় আছে। এটা সবার জন্যই উদ্বেগের।’ ম্যাচ পাতানো কেলেঙ্কারি, অবকাঠামোর বেহাল দশা, তারকাহীনতা—সব মিলিয়ে সিরি ‘আ’র সেই দ্যুতি এখন অনেকটাই ম্লান। তবে সবকিছুর মূলে আর্থিক দৈন্য। এই জায়গাতেই ইউরোপের বড় মঞ্চে গিয়ে জুভেন্টাস-মিলানরা মার খাচ্ছে বলেই কন্তের বিশ্বাস।আয়নায় নিজেদের দিকে তাকাতে বলছেন কন্তে, ‘আমার হাসি পায়, যখন শুনি দু-তিনজন খেলোয়াড় কিনলেই আমরা চ্যাম্পিয়নস লিগ জিতব। বলুন তো, শেষ কবে কোন ইতালিয়ান ক্লাব সেমিফাইনালে গেছে? আমার মনে হয়, ইতালিয়ান ফুটবলের পরিবর্তনের জন্য প্রত্যেকের এগিয়ে আসা উচিত। প্রত্যেককে বলতে আমি ক্লাব, দর্শক, মিডিয়া ও প্রতিষ্ঠানগুলোকেই বোঝাচ্ছি।’কন্তের আশঙ্কা যে অমূলক নয়, ইতিহাসই দেয় সেই সাক্ষ্য। ২০১০ সালে ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ জেতার পর ইতালির কোনো ক্লাবই শেষ চারে ওঠেনি। এ বছরই নিজেদের মাঠে বার্সার সঙ্গে জেতার পর ন্যু ক্যাম্পে নাকাল হয়েছে এসি মিলান। কন্তে ভয় পাচ্ছেন, পাছে জুভেন্টাসের অবস্থা এখনকার ‘কাগুজে বাঘ’ আয়াক্সের মতো হয়ে যায়, ‘আয়াক্সকেই দেখুন, একসময় তারা ইউরোপের দৈত্য ছিল। আর এখন তারা কোথায়!’ এএফপি, রয়টার্স।