জুভেন্টাসে তেভেজ-প্রদর্শনী

গত মৌসুমের সমাপ্তিরেখা থেকেই নতুন মৌসুম শুরু করেছে জুভেন্টাস। সাম্পদোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টা এসেছে কার্লোস তেভেজের প্রথম গোলের সৌজন্যে। জুভেন্টাস জিতলেও প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে এসি মিলান, নবাগত হেল্লাস ভেরোনার কাছে হেরে গেছে ২-১ গোলে।
ইতালি কি এবার আলোকিত হবে তেভেজ-আলোয়? ম্যানচেস্টার সিটি থেকে জুভেন্টাসে এসে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ইতালিয়ান সুপার কাপে লাৎসিওর বিপক্ষে জুভদের ৪ গোলে তাঁর ছিল একটি। পরশু সিরি ‘আ’ অভিষেকেও পেলেন গোল। তা-ও আবার এমন একটা দলের সঙ্গে, গত মৌসুম যাদের কাছে দুটি ম্যাচই হেরেছিল জুভেন্টাস। তেভেজ অবশ্য বলছেন আরও অনেক কিছুই দেওয়ার আছে তাঁর, ‘দারুণ একটা রাত ছিল। তাদের স্টেডিয়ামে খেলাটা সহজ ছিল না। আমি এখনো সতীর্থদের সবার সঙ্গে পুরোপুরি মিশতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি।’
একই সন্ধ্যায় চোটজর্জর এসি মিলান নেমেছিল খর্বশক্তির দল নিয়ে। কিন্তু প্রথম ম্যাচেই হেরে যাবেন, সেটা কি ভাবতে পেরেছিলেন মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি? আন্দ্রেয়া পলির গোলে শুরুতে মিলানই গিয়েছিল এগিয়ে। ভেরোনার অভিজ্ঞ স্ট্রাইকার লুকা টনির ২ গোলেই ভরাডুবি হয়েছে তাদের। এমন পরাজয়ে কোনো অজুহাত খোঁজেননি অ্যালেগ্রি, ‘জয়টা তাদের প্রাপ্য ছিল। আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর আর খেলতেই পারিনি। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে।’ রয়টার্স, এএফপি।