জুভেন্টাসেই থাকবেন বুফন
২০০১ সাল থেকেই বিশ্বস্ত হাতে জুভেন্টাসের গোলবার সামলিয়ে আসছেন জিয়ানলুইজি বুফন। বর্তমানে ইতালিয়ান ক্লাবটির সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন ইতালির বিশ্বকাপজয়ী দলের এই গোলরক্ষক। এবারের ২০১১-১২ মৌসুমে ৯ বছর পর জুভেন্টাস জিতেছে ইতালিয়ান লিগ শিরোপা। দলের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি নিজের পারফরমেন্সের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করেছেন বুফন। এবারের মৌসুমকেই তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্সের মৌসুম বলেও আখ্যায়িত করেছেন তিনি। আর ভবিষ্যতেও জুভেন্টাসেই থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ইতালির অন্যতম সেরা এই গোলরক্ষক।জুভেন্টাসের সঙ্গে বুফনের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৩ সালে। তারপর তিনি নতুন ঠিকানার সন্ধানে নামবেন কি না, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। তবে জুভেন্টাস ছেড়ে যাওয়ার সম্ভাবনা এখন একেবারেই মাথায় আনছেন না বুফন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যত্? মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন করতে আমার কোন সমস্যাই হবে না। সবাই জানে যে আমি এখানেই থাকতে চাই। জুভেন্টাসের সাদা-কালোই আমার রং।’এবারের মৌসুমে ইতালিয়ান লিগে লিসের বিপক্ষে খেলাটিতে মারাত্মক একটা ভুল করেছিলেন বুফন। এই ধরনের ভুল তাঁর মতো বিশ্বমানের গোলরক্ষকের কাছে কেউই আশা করে না। এই ম্যাচটি ছাড়া পুরো মৌসুমেই নিজের পারফরমেন্স নিয়ে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন বুফন। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্য, আমি লিসের বিপক্ষে একটা ভুল করেছিলাম। সেটা ছাড়া এটাই হয়তো আমার পারফরমেন্স বিচারে একটা সেরা মৌসুম। আমি এটার তুলনা করতে পারি ২০০২-০৩ মৌসুমের সঙ্গে। সেবার আমরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিলাম।’ সিরি আ-র ৩৫ ম্যাচে ২১টিতেই কোন গোল হজম করতে হয়নি বুফনকে।