এই জয়ে জুভেন্টাসকে প্রায় ছুঁয়ে ফেলছে ইন্টার, তুরিনের ওল্ড লেডিদের চেয়ে নেরাজ্জুরিরা এখন পিছিয়ে মাত্র ১ পয়েন্টে
জুভেন্টাসের জয়রথ থামাল ইন্টার
২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত আর্সেনাল অপরাজিত ছিল টানা ৪৯ ম্যাচ। ঠিক ৫০তম ম্যাচে গিয়ে যতি পড়ে তাদের জয়রথের। কী কাকতাল, আট বছর পর ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের অপরাজিত যাত্রা থেমে গেল সেই ৪৯-এ। নিজেদের মাঠেই ইন্টার মিলানের কাছে পরশু ৩-১ গোলে হেরে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা!দুই শহরের ক্লাব হলেও দুই দলের লড়াইটা সব সময়ই আলাদা একটা উত্তাপ ছড়ায়। ম্যাচটিকে বলা হয় ‘ডার্বি ডি ইতালিয়া’। শুরুতে অবশ্য জুভেন্টাসই এগিয়ে গিয়েছিল, সেটাও আবার ম্যাচ শুরু হতে না-হতেই। চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল যখন ডান পায়ের শটে গোল করেন তখন ম্যাচটি মাত্রই ১৯ সেকেন্ড বয়সী। কিন্তু প্রভাত তো আর সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন আহত বাঘের মতো গর্জে ওঠে ইন্টার, আরও নির্দিষ্ট করে বললে তাদের আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো। ৫৯ মিনিটে মার্কিসিও মিলিতোকে ফেলে দিলে পেনাল্টি পায় ইন্টার। স্পট কিক থেকে আর্জেন্টাইন স্ট্রাইকারই গোল করেছেন। ৭৫ মিনিটে মিলিতোর দ্বিতীয় গোলে স্তম্ভিত হয়ে পড়ে স্বাগতিক দর্শকেরা। আর ৮৯ মিনিটে মিলিতোর স্বদেশি রদ্রিগো প্যালাসিও বিয়াঙ্কোনেরিদের কফিনে ঠুকে দেন শেষ পেরেক।ইন্টারকে যোগ্যতর প্রতিপক্ষের সম্মান দিয়েছেন জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন, ‘হারাটা সব সময়ই বেদনাদায়ক। কিন্তু ইন্টারকে বাহবা দিতেই হবে, কারণ তারা খেলেছে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে।’ কিছু বুঝে ওঠার আগে প্রথম গোল হজম করতে হয় ইন্টারকে, সেখান থেকে দারুণভাবে ফেরার পর তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুই গোল করা মিলিতো, ‘প্রথম গোলটা হুট করেই হয়ে গিয়েছিল, সেখান থেকে ফিরে আমরা দুর্দান্ত খেলেছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। ম্যাচটা ছিল অনেক কঠিন, আমরা অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন ও দারুণ একটা দলের বিপক্ষে খেলছিলাম।’ এই জয়ে জুভেন্টাসকে প্রায় ছুঁয়ে ফেলছে ইন্টার, তুরিনের ওল্ড লেডিদের চেয়ে নেরাজ্জুরিরা এখন পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। দুঃসময়ে হাবুডুবু খেতে থাকা এসি মিলানও শনিবার খুঁজে পেয়েছে স্বস্তির উপলক্ষ, সান সিরোতে শিয়েভোকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইন্টারের নগরপ্রতিদ্বন্দ্বীরা উঠে এসেছে সাত নম্বরে। রোজোনেরিদের পক্ষে মৌসুমে প্রথম গোল পেয়েছেন বোজান কিরকিচ, আরও গোল করেছেন মন্তোলিভো, পাৎসিনি, ইমানুয়েলসেন ও এল শারাউয়ি। এএফপি, রয়টার্স।