জুভেন্টাসের জয়, হেরেছে ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচ জিতল জুভেন্টাস। পরশু নিজেদের মাঠে ১০ জনের উদিনেসকে জুভরা হারিয়েছে ৪-১ গোলে। তবে নবাগত পেসকারার বিপক্ষে ৩-০ জয়ে শুরু করা ইন্টার মিলান দ্বিতীয় ম্যাচেই খেল হোঁচট। অধিনায়ক ফ্রান্সেসকো টট্টিতে অনুপ্রাণিত রোমা সান সিরোতে এসেই ইন্টারকে হারিয়েছে ৩-১ গোলে। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ স্টুটগার্টকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে জ্লাতান ইব্রাহিমোভিচ জোড়া গোল করে প্যারিস সেন্ট-জার্মেইকে (পিএসজি) এনে দিয়েছেন মৌসুমের প্রথম জয়।নিজেদের মাঠে ১২ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক উদিনেসের গোলরক্ষক জেলকো বিরকিচ। রেফারির সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। এর দুই মিনিট পরই এগিয়ে যায় জুভেন্টাস। একপর্যায়ে জুভরা এগিয়ে যায় ৪-০ গোলে। সান সিরোতে টট্টি কোনো গোল করেননি, তবে দলকে এক সুতায় গেঁথে ফেলতে রোমা অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ১৫ মিনিটে রোমাকে এগিয়ে দেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। বিরতির কেবলই আগে ইন্টারের হয়ে গোলটি শোধ করে দেন আন্তোনিও কাসানো। এসি মিলান ছেড়ে ইন্টারে আসার পর তাঁর প্রথম গোল। ৬৭ মিনিটে দারুণ এক হেডে রোমাকে আবার এগিয়ে দেন পাবলো অসভালদো। যদিও ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখে খলনায়কের খাতায়ও নাম দিয়েছেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার। রোমার অন্য গোলটি মার্কো ফিলহোর।অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দুর্বল স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের গোল-উৎসবে নেতৃত্ব দিয়েছেন টমাস মুলার। গোমেজ-রোবেনবিহীন ম্যাচে তিনি করেছেন দুই গোল। একটি করে গোল করেছেন টনি ক্রুস, গুস্তাভো, মান্দজুকিচ ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ২৫ মিনিটে মার্টিন হারনিকের গোলে প্রথম এগিয়ে যায় স্টুটগার্টই। এরপর ৩২ থেকে ৫১—এই ১৯ মিনিটেই ৬ গোল করে বায়ার্ন। এএফপি, রয়টার্স।