জুভেন্টাসের জয়ে বিতর্কের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন আগে খবর এল, নাপোলির বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছে ইতালিয়ান ফুটবল সংস্থা। সেই খবর টাটকা থাকতেই আরেক বিতর্কের চোরাবালিতে সিরি ‘আ’। আর সেই বিতর্কের কারণেই জয় দিয়ে ইতালির শীর্ষ লিগে নিজের ৫০০তম ম্যাচ উদ্যাপনও ঠিক মনে ধরছে না জিয়ানলুইজি বুফনের। টানা অপরাজিত থাকার হিসাবটা ৪৮ ম্যাচে উন্নীত করেও ঠিক তৃপ্ত নয় জুভেন্টাস। ২৭ মিনিটে না-হওয়া এক গোলই এই বিতর্কের কেন্দ্রে।পরশু কাতানিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান আরও সংহত করেছে জুভেন্টাস। ৫৭ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদালের গোল তিন পয়েন্ট এনে দেয় বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু প্রথমার্ধে রুবেন বার্গেসিওর গোল বাতিল করাতেই বাধে ঝামেলা। এই আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলের পর কাতানিয়ার গ্যালারি যখন উল্লাসে মাতোয়ারা, সেই সময় সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলটি বাতিল করে দেন রেফারি। সহকারী রেফারির বিচারে বার্গেসিও ছিলেন অফসাইডে।কিন্তু এ সিদ্ধান্ত মানতে পারেনি কাতানিয়া। বেঞ্চ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বহিষ্কৃত হন ক্লাব প্রেসিডেন্ট আন্তোনিনো পালভিরেন্তি। ম্যাচ শেষে পালভিরেন্তি দাবি করেছেন, ‘আমার কাছে এখানেই ফুটবলের শেষ। বার্গেসিওর গোল আসলে বাতিল করেছে জুভ বেঞ্চ। রেফারি আর লাইন্সম্যান তো আসলে গোলই দিয়েছিল। কিন্তু জুভ বেঞ্চের প্রতিবাদের মুখে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে।’বিতর্কের আগুনে ঘি ছিটিয়েছে প্যাডি পাওয়ার। এই ম্যাচে কাতানিয়ার পক্ষে যারা বাজি ধরেছিল তাদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে আইরিশ বাজিকর প্রতিষ্ঠানটি। ‘জাস্টিস পে-আউট’ নামের এই পদ্ধতি এই প্রথম ইতালিতে চালু হলো। প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে বলেছে, ‘কখনো কখনো ম্যাচের ফল খুবই অন্যায্য হয়, এটা স্রেফ একটা ন্যায়সংগত পাওনা পরিশোধ।’এখানেই শেষ হলে ভালোই হতো। ইতালির দুই শীর্ষ দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত ও করিয়েরে দেল্লো স্পোর্ত প্রথম পাতায় বার্গেসিওর গোলটির ছবি ছাপিয়ে দেখিয়ে দিয়েছে, এটা অফসাইড ছিল না। শুধু তা-ই নয়, ভিদালের গোলটির ছবি ছাপিয়ে দেখানো হয়েছে, সেটাই বরং অফসাইডে ছিল! দুই-দুইবার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার কাতানিয়া তাই ষড়যন্ত্রের দাবি তুলতেই পারে। যদিও জুভেন্টাস প্রেসিডেন্ট বেপ্পে মোরাত্তা অবশ্য এসব অভিযোগ আমলেই নিচ্ছেন না। ভুল হয়েছে এটি মেনে নিলেও কোনো ষড়যন্ত্র-তত্ত্বে সায় দিচ্ছেন না তিনি, ‘মানছি রেফারির ভুল হয়েছে। কিন্তু ভুল তো আগেও অনেক হয়েছে। গতবার এমন অনেক ভুলের শিকার হয়েছে জুভেন্টাসই। কোনো ধরনের ষড়যন্ত্র এবং এই ম্যাচের ফল জুভেন্টাস প্রভাবিত করেছে—এই দাবি আমরা সর্বতোভাবে প্রত্যাখ্যান করছি।’ওদিকে গোল বাতিল হওয়া নিয়ে বিতর্ক হয়েছে ফিওরেন্টিনা-লাৎসিও ম্যাচেও। স্টেফানো মাউরির গোলই শুধু বাতিল হয়নি, লাল কার্ডের খাঁড়ায় দুজন খেলোয়াড়কেও হারিয়েছে লাৎসিও। ম্যাচটাও হেরেছে ০-২ গোলে। আর এই পরাজয়ে পয়েন্ট তালিকার তিন থেকে চারে নেমেছে তারা। প্রতিবেশী এসি মিলানের মতোই বাজে শুরু করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ইন্টার মিলানই এখন তিনে। পরশু বোলোনিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়টি লিগে তাদের টানা পঞ্চম। এএফপি, রয়টার্স।