জুভেন্টাসের দায়িত্ব ছাড়লেন কন্তে

২০১১-১২ মৌসুমে দায়িত্ব নিয়ে জুভেন্টাসের শিরোপা-খরা ঘুচিয়েছিলেন অ্যান্তনিও কন্তে। তাঁরই অধীনে আট বছর পর ইতালীয় সিরি ‘আ’য় চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছিল জুভেন্টাস। এরপর জুভদের জিতিয়েছেন আরও দুটি শিরোপা। টানা তিনটি সিরি ‘আ’ জেতার এই নেপথ্য কারিগর আগামী দিনেও তুরিনের এই ক্লাবটির সাফল্যের জোগানদাতা হবেন—এমন আশা তো সমর্থকেরা করতেই পারতেন। কিন্তু বিধি বাম। হঠাত্ করেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। অন্যদিকে কন্তের বিদায়ের ২৪ ঘন্টা না পেরোতেই জানা গেল, জুভেন্টাসের নতুন দায়িত্ব নিচ্ছেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
জানুয়ারিতে এসি মিলান বরখাস্ত করেছিল অ্যালেগ্রিকে। ইতালিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, মৌসুম প্রতি ২৫ লাখ ইউরোতে জুভেন্টাসের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে অ্যালেগ্রির।
ওদিকে কন্তে বলেছেন, ‘জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিপক্ব হয়েছি। আমার অনুভূতি-ভাবনা এ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। জুভেন্টাসের জয়ের ধারা অব্যাহত রাখা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে এ ক্লাব আমাকে যা দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি সব সময় আপনাদের কাছের একজন হয়ে থাকব। সাম্প্রতিক বছরগুলোয় আমাদের যাত্রা ছিল ঐতিহাসিক।’
৪৪ বছর বয়সী এ কোচের আকস্মিক প্রস্থানে যারপরনাই দুঃখিত ক্লাব চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লি। ক্লাবের অফিশিয়াল সাইটে তিনি লিখেছেন, ‘প্রিয় আন্তনিও (কন্তে), তুমি অসাধারণ এক নেতা। এ খবর আমার জন্য অনেক বড় দুঃখের। টানা তিনটি বছর সিরি-আ শিরোপা ও দুটি ইতালিয়ান কাপ জিতে ইতিহাসে নাম লিখতে সহায়তা করেছ। আন্তোনিও তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ।’
কথা হলো, এমন সাফল্যের পরও কন্তে কেন জুভেন্টাস ছাড়লেন? গত মৌসুম শেষে তিনি নাকি ইঙ্গিত দিয়েছিলেন, মৌসুমের বিরতিতে নতুন খেলোয়াড় না কিনলে ক্লাব ছাড়তে পারেন। ঠিক সে কারণেই জুভদের দায়িত্ব ছাড়লেন কি না, তা এখনো পরিষ্কার জানা যায়নি। এএফপি।